নিউইয়র্কের ২২টি খাদ্যসহায়তা কেন্দ্রে বিনা মূল্যে মিলবে পোষা প্রাণীর খাবার
- প্রকাশঃ ১৫ অক্টোবর ২০২৬, ২১:০৬
- / 1
নিউইয়র্ক, ১৬ অক্টোবর (প্রজন্ম কথা) – জীবনযাত্রার বাড়তি ব্যয়ের মধ্যে পরিবারগুলোকে পোষা প্রাণী লালন-পালনে সহায়তা করতে নিউইয়র্ক সিটির ২২টি খাদ্যসহায়তা কেন্দ্রে বিনা মূল্যে কুকুর ও বিড়ালের খাবার দেওয়ার উদ্যোগ নিয়েছে নগর কর্তৃপক্ষ। আগামী ১৯ অক্টোবর থেকে পাঁচটি বরোর এসব কেন্দ্রে এ সুবিধা চালু হবে।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি, নগর পরিষদ, মেয়রের প্রাণিকল্যাণ দপ্তর এবং সামাজিক সেবা বিভাগ যৌথভাবে এ কর্মসূচির ঘোষণা দিয়েছে। নগরীর ইতিহাসে প্রথমবারের মতো নগর কর্তৃপক্ষের অর্থায়নে পরিচালিত নির্বাচিত খাদ্যসহায়তা কেন্দ্রগুলোতে পোষা প্রাণীর খাবার বিতরণ করা হবে।
কর্মসূচির জন্য বরাদ্দ রাখা হয়েছে পাঁচ লাখ ডলার। পাশাপাশি মেয়র মামদানি চলতি বছরের শুরুতে সামাজিক সেবা বিভাগের ‘কমিউনিটি ফুড কানেকশন’ কর্মসূচির নিয়মিত বরাদ্দ তিন গুণ করেছেন। নগর পরিষদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ২০২৭ অর্থবছরে খাদ্য বিতরণের জন্য মোট সাত কোটি ৮০ লাখ ডলার বরাদ্দ করা হয়েছে। নগরজুড়ে ৭০০টির বেশি খাদ্যসহায়তা কেন্দ্র এ কর্মসূচির আওতায় সহায়তা পায়।
মেয়র মামদানি বলেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রভাব পরিবারের প্রতিটি সদস্যের ওপর পড়ছে, পোষা প্রাণীরাও এর বাইরে নয়। নিজের খাবার কেনা এবং পোষা প্রাণীকে খাওয়ানোর মধ্যে কোনো পরিবারকে যেন একটি বেছে নিতে না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সামাজিক সেবা বিভাগের কমিশনার এরিন ডাল্টন বলেন, আর্থিক সংকটে অনেক পোষা প্রাণীর মালিক নিজের খাবার কমিয়ে হলেও প্রাণীকে খাওয়ানোর চেষ্টা করেন। নতুন ব্যবস্থায় একই কেন্দ্রে পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় খাবারের পাশাপাশি পোষা প্রাণীর খাবারও সংগ্রহ করা যাবে।
মেয়রের প্রাণিকল্যাণ দপ্তরের পরিচালক অ্যালি টেলর বলেন, আর্থিক সংকটের কারণে মানুষ যেন তাদের প্রিয় পোষা প্রাণী থেকে বিচ্ছিন্ন না হয়, সে জন্য স্থানীয় পর্যায়ে সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। নগর কর্তৃপক্ষ পোষা প্রাণীর বন্ধ্যাকরণ ও প্রজনন নিয়ন্ত্রণ সেবায়ও বিনিয়োগ করছে।
কোন কোন এলাকায় পাওয়া যাবে খাবার
আগামী ১৯ অক্টোবর থেকে ব্রঙ্কস, কুইন্স, ব্রুকলিন, ম্যানহাটন ও স্ট্যাটেন আইল্যান্ডের নির্ধারিত ২২টি কেন্দ্রে কুকুর ও বিড়ালের খাবার পাওয়া যাবে।
ব্রঙ্কসের চারটি কেন্দ্র
- পার্ট অব দ্য সলিউশন: ২৭৫৯ ওয়েবস্টার অ্যাভিনিউ, পোস্টাল কোড ১০৪৫৮
- নিউইয়র্ক কমন প্যান্ট্রি: ১২৯০ হো অ্যাভিনিউ, পোস্টাল কোড ১০৪৫৯
- ডেভিডসন কমিউনিটি সেন্টার: ২০৩৮ ডেভিডসন অ্যাভিনিউ, পোস্টাল কোড ১০৪৫৩
- কিংসব্রিজ হাইটস কমিউনিটি সেন্টার: ৩০৬৭ কিংসব্রিজ টেরেস, পোস্টাল কোড ১০৪৬৩
কুইন্সের চারটি কেন্দ্র
- ফার্স্ট ইউনাইটেড মেথডিস্ট চার্চ অব জ্যামাইকা: ১৬২-১০ হাইল্যান্ড অ্যাভিনিউ, পোস্টাল কোড ১১৪৩২
- রিভার ফান্ড: ৮৯-১১ লেফার্টস বুলেভার্ড, পোস্টাল কোড ১১৪১৮
- যিশুয়া ওয়ার্ল্ডওয়াইড মিনিস্ট্রিজ ফুড প্যান্ট্রি: ৭৯১১ ক্যালডওয়েল অ্যাভিনিউ, পোস্টাল কোড ১১৩৭৯
- আওয়ার চিলড্রেন কমিউনিটি আউটরিচ: ৩৬-৪৯ ইলেভেনথ স্ট্রিট, পোস্টাল কোড ১১১০৬
ব্রুকলিনের ছয়টি কেন্দ্র
- কমিউনিটি হেল্প ইন পার্ক স্লোপ: ২০০ ফোর্থ অ্যাভিনিউ, পোস্টাল কোড ১১২১৭
- মেট্রোপলিটন কাউন্সিল অন জিউইশ পোভার্টি: ৫৩৬১ প্রেস্টন কোর্ট, পোস্টাল কোড ১১২৩৪
- অন দ্য গো রিলিফ: ২৮৩২ ফুলটন স্ট্রিট, পোস্টাল কোড ১১২০৭
- সেন্ট জনস ব্রেড অ্যান্ড লাইফ ফুড প্যান্ট্রি: ৭৯৫ লেক্সিংটন অ্যাভিনিউ, পোস্টাল কোড ১১২২১
- দ্য ক্যাম্পেইন এগেইনস্ট হাঙ্গার: ২০০৪ ফুলটন স্ট্রিট, পোস্টাল কোড ১১২৩৩
- ওয়াইএমসিএ কমিউনিটি মার্কেট: ২৯৮০ ওয়েস্ট টোয়েন্টি-নাইনথ স্ট্রিট, পোস্টাল কোড ১১২২৪
ম্যানহাটনের ছয়টি কেন্দ্র
- হলি অ্যাপোস্টলস স্যুপ কিচেন প্যান্ট্রি: ২৯৬ নাইনথ অ্যাভিনিউ, পোস্টাল কোড ১০০০১
- নিউইয়র্ক কমন প্যান্ট্রি: ৮ ইস্ট ১০৯তম স্ট্রিট, পোস্টাল কোড ১০০২৯
- সেন্ট ক্লেমেন্স ফুড প্যান্ট্রি: ৪২৩ ওয়েস্ট ৪৬তম স্ট্রিট, পোস্টাল কোড ১০০৩৬
- দ্য ফাদার্স হার্ট মিনিস্ট্রিজ: ৫৪৩-৫৪৫ ইস্ট ১১তম স্ট্রিট, পোস্টাল কোড ১০০০৯
- দ্য লোয়ার ইস্টসাইড গার্লস ক্লাব: ৪০২ ইস্ট এইটথ স্ট্রিট, পোস্টাল কোড ১০০০৯
- ট্রিনিটিস সার্ভিসেস অ্যান্ড ফুড ফর দ্য হোমলেস: ৬০২ ইস্ট নাইনথ স্ট্রিট, পোস্টাল কোড ১০০০৯
স্ট্যাটেন আইল্যান্ডের দুটি কেন্দ্র
- প্রজেক্ট হসপিটালিটি: ২০৫ ক্যানাল স্ট্রিট, পোস্টাল কোড ১০৩০৪
- ফিডিং উইথ টিএলসি: ৩০৯ সেন্ট পলস অ্যাভিনিউ, পোস্টাল কোড ১০৩০৪
নগর পরিষদের প্রাণিকল্যাণবিষয়ক ককাসের সভাপতি হার্ভে এপস্টেইন বলেন, পোষা প্রাণীর খাবারের খরচ মেটাতে না পেরে কোনো পরিবারকে যেন প্রিয় প্রাণীটি ছেড়ে দিতে না হয়, সে জন্য এ উদ্যোগ গুরুত্বপূর্ণ। নগর পরিষদের সদস্য শার্লি আলদেবোলের মতে, কর্মসূচিটি পোষা প্রাণীর মালিকদের আর্থিক চাপ কমানোর পাশাপাশি প্রাণী আশ্রয়কেন্দ্রগুলোর ওপর চাপ কমাতেও সহায়তা করতে পারে।
নিউইয়র্কের প্রাণী পরিচর্যা কেন্দ্রগুলোর প্রধান নির্বাহী রিসা ওয়েইনস্টক বলেন, খাদ্যসহায়তা কেন্দ্রগুলো থেকে পোষা প্রাণীর খাবার দেওয়ার মাধ্যমে সংকটে থাকা পরিবারগুলোকে স্থানীয় বিভিন্ন সহায়তা সংস্থার সঙ্গেও যুক্ত করা সম্ভব হবে। এতে সংকট আরও গভীর হওয়ার আগেই প্রয়োজনীয় সহায়তা পাওয়ার সুযোগ তৈরি হবে।
সূত্র: নিউইয়র্ক সিটি মেয়রের কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তি
























