চট্টগ্রামের সাতকানিয়ায় পারিবারিক বিরোধের জেরে ছেলের হাতে খুন হয়েছেন এক বাবা। রোববার (৯ নভেম্বর) রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের উত্তর কাঞ্চনা নয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতের নাম আহমদ হোসেন (৫২)। তিনি ওই এলাকার জলিল বক্সের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আহমদ হোসেন ও তার ছেলে রিয়াদ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। রবিবার রাতেও এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে রিয়াদ ক্ষিপ্ত হয়ে বাবাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে রিয়াদ হোসেন পলাতক রয়েছে। খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আরিফুল ইসলাম সিদ্দিকী এবং সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাউছার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি আবু মাহমুদ কাউছার হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পলাতক ছেলেকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।























