খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- প্রকাশঃ ০৭:১৯:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / 71
ছবি: সংগৃহীত
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চারটি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (apply.ku.ac.bd)-এ প্রবেশ করে নিজ নিজ প্রোফাইলে লগইন করে ফলাফল জানতে পারবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ১ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) থেকে ৩ জানুয়ারি ২০২৬ (শনিবার) পর্যন্ত অনলাইনে ডিসিপ্লিনের পছন্দক্রম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম পূরণ না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ভর্তির জন্য অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।
ডিসিপ্লিনভিত্তিক চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে আগামী ৮ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার)। এরপর মেধা তালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আগামী ১২ ও ১৩ জানুয়ারি ২০২৬ সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এদিকে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় চারটি ইউনিটের ইউনিট প্রধানগণ নিজ নিজ ইউনিটের ফলাফল উপস্থাপন করেন। চূড়ান্ত পর্যবেক্ষণ ও অনুমোদন শেষে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী, বিভিন্ন স্কুলের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ ভর্তি কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) ‘সি’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও চারুকলা স্কুল) এবং ‘ডি’ ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরদিন ১৯ ডিসেম্বর (শুক্রবার) ‘এ’ ইউনিটের (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) এবং ‘বি’ ইউনিটের (জীববিজ্ঞান স্কুল) ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।






























