ভোটের প্রতিকূলতাকে অতিক্রম করে বিএনপির জয়ের পথে—মাহদী আমিন
- প্রকাশঃ ০৭:৫২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 26
সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। আজ বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে। ছবি: সংগৃহীত
রাজধানীর গুলশানে বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রেক্ষাপটে পরিস্থিতি মূল্যায়ন করেন।
মাহদী আমিন অভিযোগ করেন, একটি চিহ্নিত রাজনৈতিক দল ভোটের আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি করার চেষ্টা করেছে। পাশাপাশি, কালোটাকা প্রদানের মহোৎসব, জালিয়াতি এবং বিভিন্ন স্থানে আগে থেকে সিল মারা ব্যালটের ঘটনা ঘটেছে।
তবুও, তিনি বিএনপির বিজয়কে অনিবার্য ও নিরঙ্কুশ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “যে কোনও ষড়যন্ত্র বিএনপির বিজয়কে স্তিমিত করতে ব্যর্থ হবে।”
সংবাদ সম্মেলনে মাহদী আমিন সরকারের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন-সংক্রান্ত সব কর্মকর্তাকে ধন্যবাদ জানান। তিনি আহত ও প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
বিএনপির নেতা–কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেউ ভোটকেন্দ্র ত্যাগ করবেন না। তিনি উল্লেখ করেন, বিভিন্ন স্থানে ভুয়া পর্যবেক্ষক তৈরি করা, মৃত ব্যক্তির নামে ভোট প্রদানের মতো ঘটনা ঘটেছে। এর পরেও গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে এবং ধানের শীষে বিএনপির জয়ের জোয়ার উঠবে।
সংবাদ সম্মেলনে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর এবং সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।


















