খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণ অধিকার পরিষদ
- প্রকাশঃ ০৭:৪৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / 26
বিএনপির চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গণ অধিকার পরিষদ। শনিবার (৮ নভেম্বর) বিকেলে দিনাজপুরে এক অনুষ্ঠানে দলের সভাপতি নুরুল হক নুর এ ঘোষণা দেন।
নুরুল হক নুর বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিনাজপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচন করবেন। এনসিপিসহ গণ অধিকার পরিষদ খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না।
তিনি আরও বলেন, জাতীয় নেতৃত্বের প্রতি সম্মান দেখিয়ে জামায়াতের আমির, ইসলামী আন্দোলনের পীর সাহেবসহ যেসব রাজনৈতিক নেতারা অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র সংস্কার ও আগামীর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখছেন, তাদের এলাকাতেও রাজনৈতিক দলগুলো প্রার্থী না দিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
২৪-এর অভ্যুত্থানের আগে রাজনৈতিক দলগুলো সভা-সমাবেশ করতে না পারলেও এখন আর বাধা নেই বলেও উল্লেখ করেন নুর। তিনি বলেন, বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ—কেউ সভা-সমাবেশ করতে পারত না। এখন সবাই স্বাধীনভাবে কর্মসূচি পালন করছে, কোনো বাধা নেই।
ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামোর কথা উল্লেখ করে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, জুলাই সনদ গণভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠিত হবে, যেখানে উচ্চকক্ষে ১০০ জন এবং নিম্নকক্ষে ৫০টি সংরক্ষিত নারী আসনসহ মোট ৩৫০ জন সদস্য থাকবে। প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষের সদস্য নির্ধারিত হবে। জোট করলেও ভোট হবে নিজ নিজ দলের প্রতীকে।
অর্থনীতি ও কৃষি প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, যখন কৃষকের ফসল উৎপাদিত হয়, তখন সরকার এলসি ওপেন করে। এতে কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পান না। কৃষিপ্রধান দেশ হয়েও আমাদের পেঁয়াজ ও কাঁচা মরিচের জন্য ভারতের ওপর নির্ভর করতে হয়। ভারতের কারণে তিস্তা মহাপরিকল্পনাও বাস্তবায়িত হচ্ছে না, ফলে উত্তরের মানুষ বন্যা ও খরায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভবিষ্যতে শক্তিশালী পররাষ্ট্রনীতি ও নতুন কৃষিনীতি প্রণয়ন করতে হবে।
তরুণদের উদ্দেশে নুর বলেন, পঞ্চাশ বছরের পুরনো রাজনীতি ও দুর্নীতি সবাই দেখেছে। যারা ক্ষমতায় গেছে, সবাই একই পথে হেঁটেছে। এবার তরুণদের ভোট দিয়েই পরিবর্তন আনতে হবে। তরুণরাই পারবে আগামীর বাংলাদেশ বদলে দিতে। এবারের রক্ত কোনোভাবেই বৃথা যাবে না।
তিনি বন্ধ হয়ে যাওয়া চিনিকলসহ সব কল-কারখানা পুনরায় চালু করারও দাবি জানান।
সমাবেশে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শহীদুল ইসলাম ফাহিম, হানিফ কান রাজিব, নির্বাহী সদস্য হাজী মো. কামাল, সহসভাপতি তোফায়েল আহম্মেদ রিয়াল, জেলা উপদেষ্টা সারাফত হোসেন ও সাধারণ সম্পাদক গোলাম আযমসহ বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।



















