সংসদ নির্বাচন শুধু সরকার গঠনের নয়, গণভোটের মাধ্যমে নতুন দেশ গড়ার সুযোগ: আখতার হোসেন
- প্রকাশঃ ০৮:১৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / 50
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু সরকার পরিবর্তন বা সরকার গঠনের জন্য নয়; এটি গণভোটের মাধ্যমে নতুন রাষ্ট্র কাঠামো নির্মাণের একটি ঐতিহাসিক সুযোগ—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
সোমবার রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, এই নির্বাচন একটি সাধারণ নির্বাচন নয়। এটি গণভোটের মধ্য দিয়ে সংস্কার কার্যক্রমকে বৈধতা দেওয়ার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ। তিনি আরও বলেন, দেশের রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে অবস্থান নিতে হবে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে জনগণ একটি কার্যকর, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার প্রত্যাশা করে আসছে। আসন্ন নির্বাচন সেই প্রত্যাশা বাস্তবায়নের পথ তৈরি করতে পারে।
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আরও বলেন, আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই, যেখানে জনগণের ভোটের মাধ্যমে প্রকৃত পরিবর্তন আসবে এবং রাষ্ট্র পরিচালনায় জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।
মনোনয়ন দাখিলের সময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






























