র্যাবকে কখনো রাজনৈতিকভাবে ব্যবহার করিনি: লুৎফুজ্জামান বাবর
- প্রকাশঃ ০৩:০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / 32
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, বিএনপি সরকার র্যাবকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেনি। জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় র্যাব গঠন করা হয়েছিল বলে তিনি দাবি করেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
লুৎফুজ্জামান বাবর বলেন, র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছি-এমন অভিযোগ কেউ প্রমাণ করতে পারবে না। অন্যায় করলে বিএনপি নেতাকর্মীদের ক্ষেত্রেও ছাড় দেওয়া হতো না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের নেত্রী ছিলেন আপসহীন।
তিনি আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে বেগম খালেদা জিয়ার যে দৃঢ়তা ও দেশপ্রেম তিনি দেখেছেন, তা অন্য কারো মধ্যে পাননি। অনেক পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের মধ্যেও তিনি সেই গুণাবলী দেখতে পেয়েছেন বলে উল্লেখ করেন।
বাবর বলেন, আপনারা সবাই দোয়া করবেন, যেন তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যতে একটি সত্যিকার অর্থে জনগণের রাষ্ট্র গঠন করা সম্ভব হয়।
নিজের উপস্থিতি প্রসঙ্গে তিনি জানান, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং ব্যক্তিগত আবেগ থেকেই তিনি কবর জিয়ারতে এসেছেন। তিনি বলেন, সকালে ঘুম থেকে উঠে এখানে এসেছি। রাজনৈতিক কোনো পরিকল্পনা নেই। আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়েই আমি এসেছি।
বিএনপির এই নেতা আরও বলেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে তিনি দীর্ঘদিন ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এবং তার দেশপ্রেম ও রাষ্ট্রীয় স্বার্থে আপসহীন অবস্থান নিজ চোখে দেখেছেন। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কখনো আপস করেননি বলেও মন্তব্য করেন বাবর।


























