তারেক রহমান: যারা ভোটের অধিকার বাধাগ্রস্ত করতে চাইবে, তাদের ‘গুপ্ত’ বলবেন
- প্রকাশঃ ০৯:৪৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / 27
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলীতে বিসিক শিল্প পার্কে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তৃতা করেন। তিনি উপস্থিতদের উদ্দেশ্য করে বলেন, অনেকেই এসে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখামাত্র তাদের বলবেন, গুপ্ত তোমরা। কারণ, তাদের গত ১৬ বছর আমরা দেখি নাই। তারা ওদের সঙ্গে মিশে ছিল, যারা ৫ তারিখে পালিয়ে গিয়েছে।
তারেক রহমান আরও বলেন, দেশের মানুষ এখন জানতে এবং দেখতে চায় কোন রাজনৈতিক দল কী পরিকল্পনা গ্রহণ করবে দেশ ও জনগণের জন্য। তিনি দৃঢ়ভাবে বলেন, বিএনপি আপনাদের সামনে পরিষ্কার পরিকল্পনা উপস্থাপন করেছে। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যার অভিজ্ঞতা আছে কীভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালনা করতে হয়।
তিনি ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে কেউ ষড়যন্ত্র করে আবার ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। গত ১৬ বছর যারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছেন, যেন কেউ ষড়যন্ত্র করে তাদের পথ অবরুদ্ধ করতে না পারে।
জনসভায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। তারেক রহমানের এই বক্তব্য নির্বাচনী প্রচারণার মধ্য দিয়ে বিএনপির শক্তি প্রদর্শন ও ভোটারদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান হিসেবে মনে করা হচ্ছে।






























