নিজ এলাকায় হামলার শিকার নোয়াখালী–৬ আসনের এমপি হান্নান মাসউদ
- প্রকাশঃ ০৩:৪৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 10
নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছেন নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। বুধবার দুপুর ১টার দিকে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচন সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজ নিতে ও পরিস্থিতি সরেজমিনে দেখতে প্রকল্প বাজার এলাকায় যান এমপি হান্নান মাসউদ। সেখানে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে তাঁর সমর্থকদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে এমপি ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন। বর্তমানে উভয় পক্ষ সড়কের দুই পাশে অবস্থান করায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার বিষয়ে এমপি হান্নান মাসউদ বলেন, আমি প্রকল্প বাজার এলাকায় পরিদর্শনে এসেছিলাম। এ সময় বেলাল মাঝির নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়। আমি এখানেই অবস্থান নিয়েছি। বেলাল মাঝিকে গ্রেপ্তার না করা পর্যন্ত এখান থেকে সরে যাব না। সে ২০১৮ সালেও সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলা করেছিল।
এ বিষয়ে অভিযুক্ত বেলাল মাঝির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বলেন, আমি ঘটনাস্থলে আছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


















