ফসলরক্ষা বাঁধে অনিয়ম রোধে সরেজমিন তদারকি জোরদার: পানিসম্পদ মন্ত্রী
- প্রকাশঃ ০২:১৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 13
ফসলরক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পে দুর্নীতির কোনো সুযোগ রাখা হবে না বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে এ প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করছেন এবং সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।
শুক্রবার (তারিখ) দুপুরে সুনামগঞ্জ জেলায় ফসলরক্ষা ডুবন্ত বাঁধ নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাঁধ নির্মাণে অতীতে যেসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল, সেগুলো রোধে এবার কঠোর অবস্থান নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকিতে রয়েছেন এবং কাজের সুফল যেন জনগণের দোরগোড়ায় পৌঁছে—সে লক্ষ্যেই আমরা কাজ করছি।
তিনি আরও বলেন, সবাই দায়িত্বশীল থাকলে আমাদের এই উদ্যোগ কোনোভাবেই ব্যর্থ হবে না। খাল খনন ও পুনঃখনন, নদী ও হাওর খনন, ড্রেজিংয়ের পাশাপাশি ফসলরক্ষা বাঁধ নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনস্বার্থসংশ্লিষ্ট কাজ। এসব কার্যক্রম দ্রুত ও সমন্বিতভাবে বাস্তবায়ন করা হবে।
বাঁধ নির্মাণে অনিয়ম ও বিলম্ব প্রসঙ্গে মন্ত্রী বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার সরেজমিন তদারকি জোরদার করা হয়েছে, যাতে নীতিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করা যায়।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে সড়কপথে সুনামগঞ্জে পৌঁছালে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি শেষে তিনি হাওররক্ষা বাঁধ নির্মাণকাজ পরিদর্শনে যান।
















