সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরাতে বিশেষ উদ্যোগ নিল বিসিবি
- প্রকাশঃ ০৪:১১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 11
বাংলাদেশ জাতীয় দলে সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ফেরানোর পথে আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড আইনি জটিলতা কাটিয়ে সাকিবের দেশে প্রত্যাবর্তনের পথ সুগম করতে তার নামে থাকা আইনি মামলার সংশ্লিষ্ট নথি সরকারের কাছে জমা দিয়েছে। ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, এতে সাকিবের জাতীয় দলে প্রত্যাবর্তনের সম্ভাবনা আরও শক্ত হয়েছে।
দীর্ঘদিন পর বাংলাদেশ দলের জার্সিতে সাকিবকে আবার দেখা যেতে পারে—এমন আশা ক্রিকেটাঙ্গনে জোরালো। সরকারের, বিসিবি এবং সাকিবের তিন পক্ষই এ বিষয়ে প্রস্তুত। আলোচনার মূল বিষয় ছিল ২০২৪ সালের ৫ আগস্টের পর সাকিবের নামে দায়ের হওয়া মামলাগুলোর ভবিষ্যৎ। বোর্ডের উদ্যোগে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত মিলেছে।
নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নির্বাচনের আগে থেকেই জানিয়েছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোনো ক্রীড়াবিদ ক্ষতিগ্রস্ত হবেন না। প্রতিমন্ত্রী পুনরায় বলেছেন, সাকিব আল হাসান ও মাশরাফি মুর্তজাকে দেশে ফিরিয়ে জাতীয় দলের প্রয়োজনে মাঠে নামানোর জন্য সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।
বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, সাকিবের নামে থাকা মামলাগুলোর নিষ্পত্তি নিশ্চিত করতে সরকার কাজ করবে। একই সঙ্গে তার নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করা হবে।
আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ হোম সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা। এই সিরিজেই দীর্ঘ বিরতির পর মাঠে ফিরতে পারেন দেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান—এমনটাই আশা করা হচ্ছে।


















