সুনামগঞ্জর তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী চারাগাঁও গ্রামে চুরির অভিযোগে রেজাউল নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার সকালে তাকে আটক করা হয় এবং বিকেলে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও গ্রামের জাকির হোসেনের বাড়িতে ভোররাতে চুরির চেষ্টা চালায় রেজাউল। এ সময় পরিবারের সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। পরে সকাল থেকে বিকাল পর্যন্ত তাকে গাছে বেঁধে রাখা হয়।
গ্রামবাসীর দাবি, আটক রেজাউল দীর্ঘদিন ধরে বিভিন্ন বাড়িতে চুরির সঙ্গে জড়িত। পরিবারের পক্ষ থেকে একাধিকবার শাসন করা হলেও সে চুরির পথ থেকে সরে আসেনি। এর আগে সংশোধনের উদ্দেশ্যে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হলেও কিছুদিন কারাভোগ শেষে এলাকায় ফিরে এসে পুনরায় চুরির সঙ্গে জড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে।
সোমবারের ঘটনায় তার পরিবারকে খবর দেওয়া হলেও কেউ তাকে ছাড়িয়ে নিতে আসেনি। পরে বিকেলে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিপন জানান, চুরির অভিযোগে রেজাউলকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


















