বিয়ের ১১ দিনের মাথায় নিখোঁজ নববধূ, সুনামগঞ্জ সদর থানায় জিডি
- প্রকাশঃ ০৫:১৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / 17
বিয়ের মাত্র ১১ দিনের মাথায় সুনামগঞ্জ পৌর শহর থেকে জয়া দাস (২০) নামে এক নববধূ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জানা গেছে, বিয়ের পর নবদম্পতি সুনামগঞ্জ পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের জামাইপাড়া এলাকায় স্বামীর কাকার বাড়িতে বেড়াতে আসেন। কয়েকদিন আগে জয়া দাস তার আপন ভাইয়ের সঙ্গে দেখা করার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি।
নিখোঁজ জয়া দাস জামালগঞ্জ উপজেলার কলোতা গ্রামের নিপেশ দাসের মেয়ে। তার স্বামী চয়ন তালুকদার (২৬) একই উপজেলার পুটিয়া গ্রামের হেমেন্দ্র তালুকদারের ছেলে।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি সুনামগঞ্জ সদর মডেল থানায় জানানো হলে একটি সাধারণ ডায়েরি করা হয়।
নিখোঁজ জয়া দাসের কোনো সন্ধান পেলে স্বামী চয়ন তালুকদারের মোবাইল নম্বর (০১৬০৯৯২১৪৩৫)-এ যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্ম্মদ রতন শেখ বলেন, নববধূর স্বামী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তাকে দ্রুত খুঁজে বের করার চেষ্টা চলছে।


















