বাংলাদেশিদের অভিবাসী ভিসা সাময়িক স্থগিতের কারণ জানাল মার্কিন দূতাবাস
- প্রকাশঃ ১১ জুলাই ২০২৬, ১৪:৩৬
- / 3
বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার তুলনামূলক বেশি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ভিসা যাচাই-বাছাই নীতিমালার পূর্ণাঙ্গ পর্যালোচনার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) দেওয়া এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রতি সরকারের দায়িত্ব হলো, অভিবাসীরা যেন অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন এবং সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে না পড়েন, তা নিশ্চিত করা।
বিবৃতিতে আরও বলা হয়, চলতি বছরের ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই স্থগিতাদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ভিসা যাচাই-বাছাই নীতিমালা ও প্রক্রিয়ার পূর্ণাঙ্গ পর্যালোচনার সুযোগ তৈরি হবে। এর লক্ষ্য হলো, এসব নীতিমালা যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে কি না, তা নিশ্চিত করা।
মার্কিন দূতাবাস স্পষ্ট করেছে, এই সিদ্ধান্ত কেবল অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। পর্যটন, শিক্ষার্থী এবং অন্যান্য অস্থায়ী উদ্দেশ্যে দেওয়া অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসার ওপর এ স্থগিতাদেশের কোনো প্রভাব পড়বে না।


























