নিউইয়র্কে শিক্ষাঋণ মওকুফের দুই কর্মসূচিতে আবেদন শুরু, মিলবে সর্বোচ্চ ৫০ হাজার ডলার
- প্রকাশঃ ২৮ নভেম্বর ২০২৬, ২১:০৬
- / 6
নিউইয়র্ক, ২৯ নভেম্বর, (প্রজন্ম কথা) – যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে দুটি শিক্ষাঋণ মওকুফ কর্মসূচিতে আবেদন গ্রহণ শুরু হয়েছে। নার্সিং বিষয়ে পাঠদানকারী শিক্ষক ও তরুণ কৃষকদের জন্য চালু এ কর্মসূচির আওতায় যোগ্য আবেদনকারীরা সর্বোচ্চ ৪০ হাজার ও ৫০ হাজার ডলার পর্যন্ত শিক্ষাঋণ মওকুফের সুযোগ পাবেন। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
গত ২০ নভেম্বর অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল এ কর্মসূচি দুটির আবেদন শুরুর ঘোষণা দেন। কর্মসূচি দুটি পরিচালনা করছে নিউইয়র্কের উচ্চশিক্ষা সেবা করপোরেশন। এর আওতায় মোট ২১ লাখ ডলার বরাদ্দ রাখা হয়েছে।
কর্মসূচি দুটির একটি নার্সিং বিষয়ে পাঠদানকারী শিক্ষকদের জন্য এবং অন্যটি কৃষিকাজে যুক্ত তরুণদের জন্য। অঙ্গরাজ্যের স্বাস্থ্যসেবা ও কৃষি খাতের কর্মীসংকট মোকাবিলায় দক্ষ জনবল তৈরি এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের শিক্ষাঋণের চাপ কমানো এ উদ্যোগের লক্ষ্য।
গভর্নর ক্যাথি হোকুল বলেন, ভবিষ্যৎ স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া নার্স এবং মানুষের খাদ্যের জোগান নিশ্চিত করা কৃষকদের ওপর নিউইয়র্কের সমাজ নির্ভরশীল। তাঁদের পেশাগত অগ্রগতির পথে শিক্ষাঋণ বাধা হয়ে থাকা উচিত নয়। এ কর্মসূচির মাধ্যমে অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ খাত ও সেসব খাতে কাজ করা মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে।
নার্সিং শিক্ষকদের জন্য সর্বোচ্চ ৪০ হাজার ডলার
নার্সিং বিষয়ে পাঠদানকারী শিক্ষক ও খণ্ডকালীন ক্লিনিক্যাল শিক্ষকদের সংখ্যা বাড়াতে চালু হয়েছে ‘নার্সিং ফ্যাকাল্টি লোন ফরগিভনেস ইনসেনটিভ প্রোগ্রাম’। এ কর্মসূচির আওতায় যোগ্য আবেদনকারীরা বছরে সর্বোচ্চ ৮ হাজার ডলার করে পাঁচ বছর পর্যন্ত শিক্ষাঋণ মওকুফের সুযোগ পাবেন। সব মিলিয়ে সর্বোচ্চ ৪০ হাজার ডলার পর্যন্ত ঋণ মওকুফ হতে পারে।
আবেদনের যোগ্য হতে হলে প্রার্থীকে নিউইয়র্ক অঙ্গরাজ্যে পেশাগতভাবে নিবন্ধিত নার্স হতে হবে। পাশাপাশি নার্সিং বিষয়ে স্নাতকোত্তর অথবা শিক্ষকতা করার উপযোগী ডক্টরাল ডিগ্রি থাকতে হবে। নিবন্ধিত নার্স হিসেবে আগে ক্লিনিক্যাল অভিজ্ঞতাও থাকতে হবে।
এ ছাড়া নিউইয়র্কের কোনো নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক বা খণ্ডকালীন ক্লিনিক্যাল শিক্ষক হিসেবে কর্মরত থাকতে হবে। বছরে অন্তত ১২ ক্রেডিট ঘণ্টার সমপরিমাণ শ্রেণিকক্ষ বা ক্লিনিক্যাল পাঠদানের দায়িত্ব পালন করতে হবে। নার্সিং ডিগ্রি অর্জনের সময় নেওয়া যোগ্য শিক্ষাঋণের বকেয়া থাকতে হবে। এ কর্মসূচিটি ২০২৫ শিক্ষাবর্ষের জন্য যোগ্য আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য।
তরুণ কৃষকদের জন্য সর্বোচ্চ ৫০ হাজার ডলার
কৃষিকাজে দীর্ঘমেয়াদি পেশা গড়ে তুলতে আগ্রহী তরুণদের জন্য রয়েছে ‘ইয়ং ফার্মার্স লোন ফরগিভনেস ইনসেনটিভ প্রোগ্রাম’। এ কর্মসূচির আওতায় যোগ্য কৃষকেরা বছরে সর্বোচ্চ ১০ হাজার ডলার করে পাঁচ বছর পর্যন্ত শিক্ষাঋণ মওকুফের সুযোগ পাবেন। সর্বোচ্চ মওকুফের পরিমাণ ৫০ হাজার ডলার।
আবেদনকারীর নিউইয়র্ক অঙ্গরাজ্যের অনুমোদিত কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কৃষিপণ্য উৎপাদনকারী খামার পরিচালনার প্রথম ১০ বছরের মধ্যে থাকতে হবে এবং অঙ্গরাজ্যে পূর্ণকালীন কৃষিকাজ করতে হবে। পাশাপাশি আগামী অন্তত পাঁচ বছর পূর্ণকালীন কৃষিকাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করতে হবে।
স্নাতক ডিগ্রি অর্জনের জন্য নেওয়া যোগ্য শিক্ষাঋণের বকেয়াও থাকতে হবে। এ কর্মসূচিটি ২০২৬ সালের জন্য আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য।
নিউইয়র্কের উচ্চশিক্ষা সেবা করপোরেশনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডরিস বি. গনজালেজ বলেন, উচ্চশিক্ষা মানুষের সামনে সম্ভাবনার দরজা খুলে দেওয়ার কথা, শিক্ষাঋণের কারণে সেই সুযোগ সীমিত হয়ে যাওয়া উচিত নয়। নার্সিং ও কৃষি খাতে নতুন প্রজন্মের কর্মী তৈরিতে এ কর্মসূচি সহায়তা করবে।
অঙ্গরাজ্যের কৃষি ও বাজারবিষয়ক কমিশনার রিচার্ড এ. বল বলেন, তরুণদের কৃষিশিক্ষা, কর্মসংস্থান এবং নতুন খামার পরিচালনার জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। শিক্ষাঋণ মওকুফের এ উদ্যোগ নতুন ও তরুণ কৃষকদের কৃষি খাতে প্রতিষ্ঠিত হতে সহায়তা করবে।
শ্রমবিষয়ক কমিশনার রবার্টা রিয়ারডন বলেন, নার্সিং ও কৃষি খাতে কাজ করতে আগ্রহীদের শিক্ষাঋণের চাপ কমিয়ে তাঁদের দীর্ঘমেয়াদি পেশাগত সুযোগ তৈরিতে কর্মসূচি দুটি ভূমিকা রাখবে।
অঙ্গরাজ্যের স্বাস্থ্য কমিশনার চিকিৎসক জেমস ম্যাকডোনাল্ডের মতে, শিক্ষাঋণের বোঝা কমলে আরও বেশি নার্সিং শিক্ষক ভবিষ্যৎ স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিতে পারবেন। অন্যদিকে, স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কের (সানি) চ্যান্সেলর জন বি. কিং জুনিয়র বলেন, আর্থিক সহায়তার পাশাপাশি শিক্ষাঋণ মওকুফের সুযোগ উচ্চশিক্ষাকে আরও সাশ্রয়ী করতে সহায়তা করবে।
নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটির (কিউনি) চ্যান্সেলর ফেলিক্স ভি. মাতোস রদ্রিগেজ জানান, নিউইয়র্ক সিটির নতুন নার্সদের প্রায় অর্ধেকই তাঁদের প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ পান। নার্সিং শিক্ষক নিয়োগ ও ধরে রাখতে শিক্ষাঋণ মওকুফের এ উদ্যোগ সহায়ক হবে।
- নিউইয়র্কের দুই শিক্ষাঋণ মওকুফ কর্মসূচির আবেদন ও যোগ্যতার তথ্য পাওয়া যাবে নিচের লিংকে:
1. নার্সিং শিক্ষক: আবেদন ও বিস্তারিত তথ্য
2. তরুণ কৃষক: আবেদন ও বিস্তারিত তথ্য
3. দুই কর্মসূচির মূল পাতা: নিউইয়র্কের শিক্ষাঋণ মওকুফ কর্মসূচি
আবেদনেরশেষ তারিখ: ১৬ ডিসেম্বর ২০২৬।




























