ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান
- প্রকাশঃ ১৮ অক্টোবর ২০২৬, ২০:১৮
- / 2
লন্ডন, ১৮ অক্টোবর (প্রজন্ম কথা) – আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী আনিসা খান। আসন্ন কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের নারী জাতীয় কাবাডি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সিলেট মৌলভীবাজারের রাজনগরের এই তরুণী।
ভারতের আহমেদাবাদে অনুষ্ঠেয় কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের নারী জাতীয় কাবাডি দলের নেতৃত্ব দেবেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী আনিসা খান। আনিসাকে অভিনন্দন জানিয়েছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইংল্যান্ডের নারী কাবাডি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়া তাঁর জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর নেতৃত্বে আসন্ন প্রতিযোগিতায় অংশ নেবে ইংল্যান্ড দল।
আনিসার পৈতৃক বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার আকুয়া গ্রামে। তাঁর বাবা ইয়াওর খান ১৯৭৩ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে তিনি ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। প্রবাসে বেড়ে ওঠা আনিসা ক্রীড়াঙ্গনের পাশাপাশি ব্যবসা ও টেলিভিশন জগতেও পরিচিতি অর্জন করেছেন।
আনিসা লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে উচ্চশিক্ষা নিয়েছেন। পেশাগত জীবনে তিনি পরামর্শক ও উদ্যোক্তা। যুক্তরাজ্যের খাদ্যপণ্য ব্র্যান্ড ‘বোম্বে পিৎজা’র প্রতিষ্ঠাতা হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। খেলাধুলা ও উদ্যোক্তা জীবনে তাঁর এই সম্পৃক্ততা তাঁকে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখগুলোর একজন করে তুলেছে।



























