ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মাসুমা হাদি
- প্রকাশঃ ০৮:০৬:২২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 51
ঝালকাঠির নলছিটি পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে। ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁর বোন মাসুমা হাদি। তিনি বলেন, বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশ হবে ওসমান হাদির আদর্শের বাংলাদেশ।
শনিবার (তারিখ) বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠির নলছিটি পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে মাসুমা হাদি বলেন, এই রাষ্ট্রে কোনো ধরনের ভিনদেশি দাসত্ব আমরা মানব না। যারা বিদেশি শক্তিকে পুঁজি করে ক্ষমতায় যেতে চায়, তাদের জনগণ ভোটের মাধ্যমেই প্রত্যাখ্যান করবে।
তিনি আরও বলেন, ওসমান হাদির হত্যার আন্তর্জাতিক তদন্ত ও দোষীদের বিচার দাবিতে শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা শুরু করেন। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিলে বেশ কয়েকজন আহত হন।
এ প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সাক্ষাতের জন্য ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে একাধিকবার চেষ্টা করা হলেও ব্যর্থ হয়েছি। দেয়ালে পিঠ ঠেকে গেলে শান্তিপূর্ণভাবে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। সেখানে পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।
ওসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করে মাসুমা হাদি বলেন, এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের অধীনেই হতে হবে। আমরা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করছি।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আগেই যদি প্রশাসনের এই অবস্থা হয়, তাহলে সেই প্রশাসন দিয়ে কীভাবে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব? যমুনার সামনে ১৪৪ ধারা জারির কথা বলা হচ্ছে, কিন্তু শাহবাগে তখন কী ধারা জারি ছিল—সেখানে কেন ছাত্র-জনতার ওপর নির্মম হামলা চালানো হলো?
সমাবেশে তিনি আরও বলেন, আমরা ওসমান হাদির বাংলাদেশ চাই, ওসমান হাদির রাষ্ট্র গড়তে চাই।
















