সংবাদকর্মী আটকের ঘটনায় ‘টাইমস অব বাংলাদেশ’-এর পোস্টে বিভ্রান্তি
- প্রকাশঃ ০১:৪৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 53
ছবি: ফেসবুক থেকে নেওয়া
‘বাংলাদেশ টাইমস’ নামে একটি অনলাইন সংবাদমাধ্যমের কার্যালয়ে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে সব সংবাদকর্মীকে আটক করে নিয়ে যাওয়ার খবর প্রকাশের পর সাংবাদিক মহলসহ বিভিন্ন স্তরে উদ্বেগ তৈরি হয়েছে।
এই প্রেক্ষাপটে নামের মিলের কারণে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় ‘টাইমস অব বাংলাদেশ’ নামে তুলনামূলক নতুন ও কম পরিচিত একটি ইংরেজি দৈনিক তাদের ফেসবুক পেজে একটি পোস্ট দেয়। সেখানে পাঠকদের অনুরোধ জানানো হয়, যেন তারা ‘বাংলাদেশ টাইমস’ এবং ‘টাইমস অব বাংলাদেশ’-কে এক করে না দেখেন।
পোস্টে বলা হয়, ‘বাংলাদেশ টাইমস’-এর কিছু সংবাদকর্মী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন—এমন খবরে বিভ্রান্ত হয়ে অনেকে ‘টাইমস অব বাংলাদেশ’-এর কার্যালয়ে ফোন করছেন। একই সঙ্গে দাবি করা হয়, ‘ডেইলি টাইমস অব বাংলাদেশ’ একটি ইংরেজি জাতীয় দৈনিক এবং এর সঙ্গে ‘Bangladesh Times’ নামের কোনো অনিবন্ধিত প্রতিষ্ঠানের সম্পর্ক নেই।
তবে ওই পোস্টের একটি অংশ নিয়ে প্রশ্ন উঠেছে। তথ্য অধিদপ্তরের (ডিআইডি) ওয়েবসাইটে প্রকাশিত ‘নিবন্ধিত অনলাইন মিডিয়ার তালিকা’ অনুযায়ী ‘Bangladesh Times’ নামটি নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যম হিসেবে তালিকাভুক্ত রয়েছে।
ফলে ‘Bangladesh Times’-কে অনিবন্ধিত প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করা তথ্যগতভাবে সঠিক নয় বলে প্রমাণিত হয়েছে।
মিডিয়া বিশ্লেষকদের মতে, সংবেদনশীল পরিস্থিতিতে দায়িত্বশীল সংবাদমাধ্যমের কাছ থেকে আরও যাচাই-বাছাই করা ভাষা ও তথ্যপ্রমাণভিত্তিক বক্তব্য প্রত্যাশিত। বিশেষ করে অন্য কোনো সংবাদমাধ্যমের নিবন্ধন সংক্রান্ত বিষয়ে ভুল বা অসম্পূর্ণ তথ্য উপস্থাপন করলে তা বিভ্রান্তি বাড়াতে পারে।
উল্লেখ্য, ‘বাংলাদেশ টাইমস’-এর সংবাদকর্মীদের আটকের ঘটনায় এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। এ অবস্থায় নামের মিলকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বিভ্রান্তিকর তথ্য আদান–প্রদান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
















