এই নির্বাচন ভবিষ্যতের জন্য নতুন বেঞ্চমার্ক: ইইউ পর্যবেক্ষণ মিশন
- প্রকাশঃ ০২:০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 41
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনের জন্য একটি নতুন মানদণ্ড (বেঞ্চমার্ক) হিসেবে বিবেচিত হতে পারে।
আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।
ইভার্স ইজাবস বলেন, নির্বাচনটি প্রকৃত অর্থেই প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল। নির্বাচন কমিশন স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে পুরো প্রক্রিয়া পরিচালনা করেছে। তবে নির্বাচনী সময়ে অপতথ্য (ডিসইনফরমেশন) নেতিবাচক ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।
ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের মূল্যায়নে বলা হয়, প্রার্থীরা সামগ্রিকভাবে স্বাধীনভাবে প্রচার চালাতে পেরেছেন। তবে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল নির্বাচনী পরিবেশে প্রভাব ফেলেছে।
নারীদের অংশগ্রহণ প্রসঙ্গে ইভার্স ইজাবস বলেন, সাম্প্রতিক গণ–অভ্যুত্থানে নারীরা সামনের সারিতে থাকলেও এবারের নির্বাচনে তাঁদের উপস্থিতি ছিল খুবই সীমিত। মোট প্রার্থীর মধ্যে নারী প্রার্থীর হার ছিল মাত্র চার শতাংশ, যা উদ্বেগজনক।
তিনি আরও বলেন, নতুন সরকারকে ভোটারদের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সংস্কারমূলক উদ্যোগ নিতে হবে।
ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
















