মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন নিউইয়র্কের বাংলাদেশি শিক্ষার্থী নুসরাত
- প্রকাশঃ ০২:৩২:০৩ রবিবার, ১ জুলাই ২০২৬
- / 5
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন বাংলাদেশি কিশোরী সৈয়দা নুসরাত জাহান (স্নেহা)। নিউইয়র্কের নলেজ অ্যান্ড পাওয়ার একাডেমি থেকে ২০২৬ শিক্ষাবর্ষে অষ্টম গ্রেডে সর্বোচ্চ নম্বর অর্জন করে তিনি ‘ভ্যালেডিক্টোরিয়ান’ বা সেরা শিক্ষার্থীর স্বীকৃতি পেয়েছেন। একই সঙ্গে শিক্ষায় ও সহশিক্ষা কার্যক্রমে অসামান্য কৃতিত্বের জন্য তিনি মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড লাভ করেছেন।
শিক্ষাজীবনে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ নুসরাত প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ডের পাশাপাশি সিভিক অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড, সিনেট অ্যাওয়ার্ডসহ মোট সাতটি মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন। সৈয়দা নুসরাত জাহানের গ্রামের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া খন্দকার বাড়িতে। তিনি নিউইয়র্কের পরিচিত কমিউনিটি অ্যাকটিভিস্ট, শিক্ষক ও সাংবাদিক অধ্যাপক সৈয়দ আজাদ এবং জোবায়েদা জেসমিন সোহেলি দম্পতির ছোট মেয়ে।
নুসরাতের এই অর্জনে নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতারা আনন্দ প্রকাশ করেছেন এবং তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নুসরাত বলেন, “আমি ভবিষ্যতে একজন আইনজীবী হতে চাই। দেশ ও প্রবাসের অবহেলিত মানুষের সেবায় কাজ করতে চাই। নিজের সাফল্যের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের পিছিয়ে পড়া মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করাই আমার মূল লক্ষ্য।”
মেয়ের এই অর্জনে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন বাবা অধ্যাপক সৈয়দ আজাদ। তিনি বলেন, “আমার বড় মেয়ে সৈয়দা নূর-ই জান্নাতও এর আগে বিভিন্ন পুরস্কার অর্জন করেছে। বড় বোনের সাফল্য ও অনুপ্রেরণাই ছোট মেয়ের এই অর্জনের পথ আরও সহজ করেছে।” তিনি সন্তানদের জন্য সবার দোয়া কামনা করে বলেন, তারা যেন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে এবং মানবিক মূল্যবোধ নিয়ে সমাজের কল্যাণে কাজ করতে পারে।















