জার্মানিতে স্টুডেন্ট ভিসার আবেদন আরও সহজ হচ্ছে, চালু হচ্ছে ডিজিটাল পোর্টাল; আবেদন করবেন যেভাবে
- প্রকাশঃ ১৪ নভেম্বর ২০২৬, ১৯:২৮
- / 8
জার্মানি, ১৪ নভেম্বর, (প্রজন্ম কথা) – জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করছে দেশটির দূতাবাস। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে শিক্ষার্থী ভিসার আবেদন গ্রহণে ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’ চালু করা হবে। নতুন ব্যবস্থায় অনলাইনে আবেদনপত্র পূরণ, প্রয়োজনীয় নথি জমা এবং আবেদনের অগ্রগতি জানার সুযোগ থাকবে। পাশাপাশি অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময় কমিয়ে আনার লক্ষ্য রয়েছে।
জার্মানিতে উচ্চশিক্ষা নিতে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। শিক্ষার্থীদের এই আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছে জার্মানি। দেশটির মতে, শিক্ষার্থীদের আন্তর্জাতিক যাতায়াতের ফলে বাংলাদেশ ও জার্মানির মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের সুযোগ বাড়বে, যা দুই দেশের জন্যই ইতিবাচক।
বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতির প্রতিটি ধাপ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। আগের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় দীর্ঘ অপেক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদন প্রক্রিয়াকে আরও সময়সাশ্রয়ী ও কার্যকর করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন ব্যবস্থায় যেসব সুবিধা পাবেন শিক্ষার্থীরা
নতুন পোর্টালের মাধ্যমে আবেদনকারীরা সরাসরি উপস্থিত হওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য নথি পোর্টালে আপলোড করে জমা দেওয়ার সুযোগ থাকবে।
আবেদন-সংক্রান্ত নথিপত্রের প্রাথমিক যাচাইয়ে সহায়তা করবে ভিএফএস। এতে অ্যাপয়েন্টমেন্টের দিন বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।
এ ছাড়া ডিজিটাল পোর্টালে আবেদনের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে পারবেন আবেদনকারীরা। প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবেও আবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে।
নতুন ব্যবস্থায় আবেদনপত্র যাচাইয়ের সময় আগের তুলনায় কমে আসবে বলে আশা করা হচ্ছে। তবে প্রতিটি আবেদনের ধরন ও পরিস্থিতি অনুযায়ী প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে। নতুন পদ্ধতিতে আবেদন ব্যবস্থাপনা আরও সুসংগঠিত হবে এবং দূতাবাসের আবেদন প্রক্রিয়াকরণের সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
আগের অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনকারীদের কী করতে হবে?
নতুন ডিজিটাল ব্যবস্থা চালুর ফলে আগের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনকারীদেরও পরিবর্তিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তাঁদের নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে পুনরায় আবেদন জমা দিতে হবে।
অর্থাৎ, আগে থেকেই অপেক্ষমাণ তালিকায় নিবন্ধিত শিক্ষার্থীসহ সব আবেদনকারীকে নতুন পোর্টালে নিবন্ধন করে আবেদন করতে হবে। দীর্ঘদিন ধরে অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জন্য বিষয়টি সাময়িক অসুবিধার কারণ হতে পারে। তবে নতুন ব্যবস্থায় আবেদন প্রক্রিয়া আরও গতিশীল হবে এবং অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষার সময় কমে আসবে বলে আশা করছে দূতাবাস।
যেভাবে আবেদন করবেন
জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে নিবন্ধন করে আবেদন জমা দিতে হবে। আবেদনের জন্য পোর্টালের ঠিকানা: https://digital.diplo.de/
পোর্টালে অ্যাকাউন্ট খোলার পর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ এবং নির্ধারিত কাগজপত্র আপলোড করতে হবে। আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় নথিপত্র ও বিস্তারিত নির্দেশনা পোর্টাল এবং জার্মান দূতাবাসের আনুষ্ঠানিক ওয়েবসাইটে পাওয়া যাবে।
























