ঢাকা ১২:১৫ , Mon, ১৬ Nov ২০২৬
বিজ্ঞাপন

নিউইয়র্ক ও লন্ডনের বাজারে বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ব্যাংকঋণের চাপ কমানো

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ১৫ নভেম্বর ২০২৬, ১৯:২৬
  • / 44
আন্তর্জাতিক বন্ড বাজারে প্রবেশ এবং দেশের ঋণ ব্যবস্থাপনা সংস্কারের পরিকল্পনা তুলে ধরছে সরকার। ছবি: সংগৃহীত

কক্সবাজার, ১৫ নভেম্বর, (প্রজন্ম কথা) – বড় ও দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য ব্যাংকঋণের ওপর নির্ভরতা কমিয়ে আন্তর্জাতিক বন্ড বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে সরকার। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে নিউইয়র্ক অথবা লন্ডনের বাজারে বন্ড ছাড়ার পরিকল্পনা রয়েছে। তবে এ বন্ডের সুদহার ও ছাড়ার প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি।

বিজ্ঞাপন

রোববার কক্সবাজারে ‘আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলন বাংলাদেশ ২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি এসব তথ্য জানান। এর আগে অর্থমন্ত্রী সম্মেলনের উদ্বোধন করেন।

সংবাদ ব্রিফিংয়ে তানভীর গনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের বেসরকারি খাতের অর্থায়নের প্রধান উৎস ছিল ব্যাংক। পুঁজিবাজার ও বন্ড বাজার থেকে অর্থ সংগ্রহের প্রবণতা কম থাকায় ব্যাংকগুলোর ওপর ঋণের চাপ বেড়েছে। এর ফলে অনেক প্রতিষ্ঠানকে উচ্চ সুদে ঋণ নিতে হয়েছে, যা তাদের ব্যবসায়িক কার্যক্রমে প্রভাব ফেলেছে।

তিনি জানান, অর্থায়নের বিকল্প উৎস সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ সুযোগ সরকারের পাশাপাশি বেসরকারি খাতের জন্যও উন্মুক্ত করা হবে। আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়ার বিষয়ে কাজ চলছে। তবে সুদহার ও প্রক্রিয়া নির্ধারণে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিজ্ঞাপন

সরকারের পরিকল্পনায় আন্তর্জাতিক বাজার থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি স্থানীয় বন্ড বাজারের সম্প্রসারণও গুরুত্ব পাচ্ছে। স্বল্পমেয়াদি ট্রেজারি বিলের পরিবর্তে দীর্ঘমেয়াদি সরকারি বন্ড এবং ইসলামি শরিয়াহভিত্তিক বিনিয়োগপণ্য সুকুকের মাধ্যমে ঋণ সংগ্রহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ঋণ পরিশোধের ঝুঁকি নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ বাড়বে বলে মনে করছে সরকার।

আন্তর্জাতিক বন্ড বাজারে প্রবেশের প্রস্তুতি

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলনে সরকারের ঋণ ব্যবস্থাপনার তিনটি প্রধান লক্ষ্যের কথা তুলে ধরা হয়। এর মধ্যে আন্তর্জাতিক ও স্থানীয় বন্ড বাজারের সম্প্রসারণ অন্যতম।

সরকারের পরিকল্পনায় রয়েছে, উপযুক্ত সময়ে আন্তর্জাতিক পুঁজিবাজারে ইউএস ডলার ইউরোবন্ড, সুকুক, জাপানের সামুরাই বন্ড এবং চীনের পান্ডা বন্ড ছাড়া। এসব উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহের পরিধি বাড়াতে চায় সরকার।

বিজ্ঞাপন

বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের স্থানীয় মুদ্রায় ইস্যু করা বন্ড আরও সহজলভ্য করার উদ্যোগও নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে জেপি মরগানের জিবিআই-ইএম এজ সূচকে বাংলাদেশের স্থানীয় বন্ড অন্তর্ভুক্তির সুযোগ কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন নিষ্পত্তি সহজ করতে আন্তর্জাতিক ক্লিয়ারিং প্রতিষ্ঠান ইউরোক্লিয়ার ও ক্লিয়ারস্ট্রিমের সঙ্গে সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সুকুকের পাশাপাশি গ্রিন বন্ড ও ব্লু বন্ডের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে পেনশন তহবিল, বিমা কোম্পানি এবং বিদেশি বিনিয়োগকারীদের স্থানীয় বন্ড বাজারে অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

ট্রেজারি বিলের সুদহার কমেছে

বিজ্ঞাপন

সরকারের ঋণ ব্যবস্থাপনায় পরিবর্তনের প্রভাব তুলে ধরে সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদহার ২০২৫ সালের জুনে প্রায় ১২ শতাংশ ছিল। ২০২৬ সালের জুনে তা ১০ শতাংশের নিচে নেমে আসে। বর্তমানে এই সুদহার ৮ থেকে ৯ শতাংশের মধ্যে রয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ নিয়ে বাজেটঘাটতি পূরণের প্রবণতা বন্ধ করায় সরকারের ঋণ গ্রহণের ব্যয় কমেছে এবং সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরেছে। বর্তমানে সরকার স্বল্পমেয়াদি ট্রেজারি বিলের পরিবর্তে দীর্ঘমেয়াদি বন্ড ও সুকুকের মাধ্যমে অর্থ সংগ্রহে বেশি গুরুত্ব দিচ্ছে।

ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়াতে ঋণ প্রতিবেদন প্রকাশ এবং প্রাইমারি ডিলার ব্যবস্থার আধুনিকায়নের কথাও জানানো হয়। পাশাপাশি বাজারের অংশীজনদের সরকারের ঋণ গ্রহণের পরিকল্পনা আগেভাগে জানাতে প্রথমবারের মতো বার্ষিক ঋণ পরিকল্পনা এবং নতুন মধ্যমেয়াদি ঋণ কৌশল প্রকাশ করা হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, ‘কত ঋণ নেওয়া হলো, তা নয়; ঋণ কতটা ভালোভাবে কাজে লাগানো হলো, সেটাই আসল।’

বিজ্ঞাপন

দুই বছরে সরকারি ঋণ বেড়েছিল ৫ লাখ ৪৫ হাজার কোটি টাকা

সংবাদ ব্রিফিংয়ে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত দেশের সরকারি ঋণের চিত্র তুলে ধরা হয়। ওই সময় সরকারি ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩৬ শতাংশ।

এর আগের দুই বছরে, অর্থাৎ ২০২২ সালের ৩০ জুন থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি ঋণ বেড়েছিল ৫ লাখ ৪৫ হাজার কোটি টাকা। একই সময়ে সরকারকে দেওয়া বাংলাদেশ ব্যাংকের ঋণ ৭৩০ কোটি টাকা থেকে বেড়ে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকায় দাঁড়ায়।

ওই সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২০ দশমিক ৫ বিলিয়ন ডলারে নেমে এসেছিল। মূল্যস্ফীতিও প্রায় ১০ শতাংশে পৌঁছায়।

সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, পরবর্তী সময়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণ উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৬ সালের ৩০ জুন নাগাদ বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের নেওয়া ঋণের পরিমাণ ৪৮২ কোটি টাকায় নেমে আসে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী, একই সময়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

২০৩০ সাল পর্যন্ত বাড়বে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ

অতীতে নেওয়া ঋণের আসল ও সুদ পরিশোধ আগামী বছরগুলোতে সরকারের জন্য বড় আর্থিক চাপ তৈরি করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধে ৪৫০ কোটি ডলার ব্যয় হচ্ছে। ২০২৯-৩০ অর্থবছরে এ ব্যয়ের পরিমাণ সর্বোচ্চ ৫৫০ কোটি ডলারে পৌঁছাতে পারে।

ঋণ পরিশোধের সক্ষমতা বাড়াতে রাজস্ব আয় বৃদ্ধি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। এ লক্ষ্যে করের আওতা সম্প্রসারণ, অযৌক্তিক কর অব্যাহতি কমানো এবং মূল্য সংযোজন কর ও আয়কর ব্যবস্থার ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

পাশাপাশি সরকারি ব্যাংকগুলোর মূলধন পুনর্গঠন, ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সমন্বিত ঋণ ব্যবস্থাপনা দপ্তর গঠনের কাজ চলছে। সময়োপযোগী সংশোধনীর মাধ্যমে সরকারি ঋণ আইন প্রণয়নের উদ্যোগও রয়েছে।

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং ২০২৯ সালে স্বাভাবিক প্রক্রিয়ায় স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের লক্ষ্য সামনে রেখে সম্মেলন থেকে বাস্তবসম্মত সুপারিশ পাওয়ার আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।

দুই দিনব্যাপী এ সম্মেলনে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

তথ্যসূত্র: প্রথম আলো

বিজ্ঞাপন
❤️
👏
🙂
😞
বিজ্ঞাপন

নিউইয়র্ক ও লন্ডনের বাজারে বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ব্যাংকঋণের চাপ কমানো

প্রকাশঃ ১৫ নভেম্বর ২০২৬, ১৯:২৬