রাজবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগের নির্বাচনবিরোধী ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল
- প্রকাশঃ ০১:১৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 57
ভিডিওতে ভোরের কোনো এক সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১০–১৫ জন নেতা–কর্মীকে বিক্ষোভ করতে দেখা যায়। সম্প্রতি রাজবাড়ী শহরের বড়পুল এলাকায় রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
রাজবাড়ীতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি নির্বাচনবিরোধী ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল শুক্রবার থেকে ভিডিওটি বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডি থেকে শেয়ার করা হচ্ছে।
প্রায় ১ মিনিট ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ভোরের কোনো এক সময় রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শহরের বড়পুল এলাকায় ১০ থেকে ১৫ জন নেতা–কর্মী বিক্ষোভ মিছিল করছেন। এ সময় সড়কে যানবাহন চলাচল করতে দেখা যায় এবং আশপাশের দোকানে আলো জ্বলছিল। মিছিলে অংশ নেওয়া বেশির ভাগ ব্যক্তির মাথায় সাদা কাপড় বাঁধা ছিল। তাঁরা নির্বাচন বর্জনের আহ্বান জানান এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দেন।
শুক্রবার দুপুরের পর ভিডিওটি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় ফেসবুক পেজ, রাজবাড়ী জেলা ছাত্রলীগের ফেসবুক পেজসহ সংগঠনটির বিভিন্ন নেতা–কর্মী শেয়ার করেন। রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামও ভিডিওটি শেয়ার করেছেন। এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে ফেসবুক মেসেঞ্জারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ সম্প্রতি কাতার যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন। বর্তমানে তিনি জেলা কারাগারে রয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি শেয়ার করা ছাত্রলীগের এক নেতা জানান, শুক্রবার ভোরে মিছিলটি করা হয়। তাঁর দাবি, ওই মিছিলে প্রায় অর্ধশত নেতা–কর্মী অংশ নেন। তিনি বলেন, আমাদের বার্তা হলো—আওয়ামী লীগকে বাদ দিয়ে ভবিষ্যতে দেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।
এ বিষয়ে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অবৈধ সরকারের একপক্ষীয় নির্বাচন আমরা মানি না। সে কারণেই ছাত্রলীগের নেতা–কর্মীরা ভোরে বড়পুল এলাকায় মিছিল করেছে। আওয়ামী লীগের নির্বাচনী অবস্থান কী হবে, তা আগামী দু-চার দিনের মধ্যে স্পষ্ট হবে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামসুল হক বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিলের ভিডিও তাঁদের নজরে এসেছে। তিনি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, শুক্রবার ভোরের কোনো এক সময় মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।


















