ছাদ থেকে পড়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মৃত্যু
- প্রকাশঃ ০৯:৩২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / 17
ছাদ থেকে পড়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর এক সাবেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত উম্মে হাবিবা রিজু ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১৬ মার্চ) বিকেলে বাসার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তার মৃত্যু হয়।
রিজু ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। তার স্বামী মো. রাশিদুল ইসলাম একজন ভেটেরিনারি চিকিৎসক।
মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, “আমাদের শিক্ষার্থী রিজুর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।”

















