ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান লারিজানির উত্তরসূরি কে? জোর গুঞ্জনে সাঈদ জালিলি
- প্রকাশঃ ০২:৫৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / 18
সাঈদ জালিলি। ছবি: এএফপি
ইসরায়েলি হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি নিহত হওয়ার পর তাঁর শূন্যস্থান পূরণ নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। দেশটির প্রভাবশালী এই রাজনীতিককে অনেক বিশ্লেষক ইরানের অন্যতম প্রধান নীতিনির্ধারক হিসেবে বিবেচনা করতেন।
ইরানের আইন অনুযায়ী, নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগের দায়িত্ব প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান–এর ওপর বর্তায়। তবে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন রয়েছে, এ পদে সবচেয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছেন সাঈদ জালিলি।
বিশ্লেষকদের মতে, সাধারণত সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ ও প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের মধ্য থেকেই এ পদে নিয়োগ দেওয়া হয়। সে দিক থেকে জালিলিকে শক্তিশালী বিকল্প হিসেবে দেখা হচ্ছে।
জালিলি এর আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন এবং ইরানের প্রধান পরমাণু আলোচনাকারী হিসেবেও দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি দেশটির উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী সংস্থা ‘এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিল’-এর সদস্য।
বিশ্লেষকরা বলছেন, জালিলি কট্টরপন্থী রাজনৈতিক ধারা প্রতিনিধিত্ব করেন এবং ইরানের পশ্চিমবিরোধী অবস্থানের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত।
সূত্র: সিএনএন













