হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিএনপিকে পেছনে ফেলে জয় পেলেন জামায়াত প্রার্থী আব্দুল বাতেন
- প্রকাশঃ ১১:১৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 45
ঢাকা-১৬ সংসদীয় আসনের নির্বাচনে বেসরকারি ফলে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বাতেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. আমিনুল হক-কে ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
নির্বাচনে আব্দুল বাতেন পেয়েছেন ৮৮ হাজার ৮২৮ ভোট। অন্যদিকে আমিনুল হক পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট।
আজ শুক্রবার সকাল সোয়া আটটার দিকে ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।
তিনি জানান, ঢাকা-১৬ আসনে পোস্টাল ভোটসহ মোট ১৩৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটের হার ছিল ৪৬ শতাংশ।
রিটার্নিং কর্মকর্তার তথ্যমতে, ঢাকা-১৬ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৪৯৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৫৬৩ জন। বাতিল হয়েছে ৩ হাজার ৭৬৪টি ভোট। ফলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৮০ হাজার ৭৯৯টি।
এ আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. সাইফুল ইসলাম (হাতপাখা প্রতীক) পেয়েছেন ৩ হাজার ৬৭৯ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী মো. সুলতান আহম্মেদ সেলিম (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ১ হাজার ৪৬৪ ভোট।
নির্বাচনী ফলাফলে ঢাকা-১৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর বিজয়ের মধ্য দিয়ে আসনটির রাজনৈতিক চিত্রে পরিবর্তন এলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


















