সুদানে বাস্তুচ্যুতদের ওপর আরএসএফের ড্রোন হামলা: ৮ শিশুসহ নিহত ২৪
- প্রকাশঃ ১০:০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 24
সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বাস্তুচ্যুত পরিবার বহনকারী একটি গাড়িতে ড্রোন হামলা চালিয়েছে। এতে অন্তত ২৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই নবজাতকসহ আটজন শিশু রয়েছেন। খবর দিয়েছে আল-জাজিরা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সুদান ডক্টরস নেটওয়ার্ক এক বিবৃতিতে এ তথ্য জানায়। হামলা হয়েছে উত্তর কোরদোফান প্রদেশের রাহাদ শহরের কাছে। গাড়িতে থাকা যাত্রীরা চলমান সংঘর্ষ থেকে পালিয়ে যাচ্ছিলেন।
এর আগে, গত শুক্রবার উত্তর কোরদোফানে ত্রাণবাহী বহর ও জ্বালানি ট্যাংকার লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানো হয়। সেই হামলায় অন্তত একজন নিহত এবং কয়েকজন আহত হন। উত্তর কোরদোফান রাজ্য সরকার এসব হামলার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরএসএফের নেতৃত্বের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।
হামলাগুলো গুরুত্বপূর্ণ সড়ক এল-ওবেইদ ও পার্শ্ববর্তী হোয়াইট নাইল রাজ্যের কোস্তি শহরকে সংযুক্ত করে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ) জানায়, ভোরে প্রথম হামলায় রাহাদ এলাকায় তিনটি ট্রাকে আঘাত করা হয়। পরে এস সামিহের কাছে আল্লাহ কারিম এলাকায় দ্বিতীয় হামলায় আরও চারটি যান ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকও ছিল। উম রাওয়াবায় একটি পরিবহন ট্রাক ও জ্বালানি ট্যাংকারও লক্ষ্যবস্তু ছিল, যেখানে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।

















