মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
ভোটের পরিবেশ নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় কমিটির সদস্য ও ঢাকা–৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর কাকরাইল এলাকায় গণসংযোগ কর্মসূচির সময়। গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দ্য নিউজের এক সাংবাদিক মির্জা আব্বাসকে প্রশ্ন করেন, ‘অনেকে অভিযোগ করছেন, বিএনপি আওয়ামী লীগ স্টাইলে নির্বাচন করতে চাইছে—এ বিষয়ে আপনি কী বলবেন?’
প্রশ্ন শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মির্জা আব্বাস। তিনি উল্টো ওই সাংবাদিককে লক্ষ্য করে একের পর এক প্রশ্ন ছুড়ে দেন এবং বলেন, ‘তুমি এখানে স্পাই করতে এসেছো নাকি?’ এ সময় তিনি সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান।
এক পর্যায়ে কথা শেষ হওয়ার পর সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে তা পরীক্ষা করতে দেখা যায় তাকে। পুরো ঘটনাটি ভিডিওতে ধারণ করা হয় এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব চলাকালে ওই সাংবাদিকের প্রশ্নে উত্তেজিত হয়ে মির্জা আব্বাস বলেন, ‘আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই।’ এরপর রাগান্বিত অবস্থায় তিনি সাংবাদিকের ফোন কেড়ে নেন এবং সেটি যাচাই করেন।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটিকে সাংবাদিকতার স্বাধীনতার পরিপন্থী আচরণ বলে মন্তব্য করেছেন।


























