হাদিকে হত্যাচেষ্টা দেশকে মেধাহীন করার ষড়যন্ত্র, হিট লিস্টে আরও অনেকে: আসিফ মাহমুদ
- প্রকাশঃ ১১:৫৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / 130
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত
চব্বিশের অভ্যুত্থানের পর দেশকে নেতৃত্বহীন ও মেধাহীন করার উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা একাত্তরে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যা করে দেশকে মেধাহীন করার ঘৃণ্য ষড়যন্ত্র করেছিল। শহীদ বুদ্ধিজীবীদের সেই স্বপ্ন অনুযায়ী স্বাধীনতার ৫৪ বছর পরও জাতির অর্জন প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি বলে তিনি মন্তব্য করেন।
হাদির ওপর হামলার প্রসঙ্গ টেনে সাবেক এ উপদেষ্টা বলেন, চব্বিশের অভ্যুত্থানের পর দেশকে নেতৃত্বহীন করার লক্ষ্যেই ওসমান হাদির ওপর হামলা করা হয়েছে। পাকিস্তানি বাহিনী যেভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল, তেমনি জুলাইয়ের পরাজিত শক্তিও সম্প্রতি হাদিকে হত্যা করে দেশকে মেধাহীন করার অপচেষ্টা চালাচ্ছে। অনেককেই হিট লিস্টে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, একাত্তরে যেমন হানাদার বাহিনী পরাজিত হয়েছিল, তেমনি এবারও এই ফ্যাসিবাদী শক্তির পরাজয় অনিবার্য। মুক্তিযুদ্ধে অপশক্তিকে যেভাবে পরাজিত করা হয়েছিল, আজও কেউ সফল হতে পারবে না। এসব অপশক্তিকে শক্ত হাতে দমন করা হবে।


















