২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, ট্রাভেল পাসের জন্য আবেদন
- প্রকাশঃ ০৮:৫৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / 81
ছবি: সংগৃহীত
দেশে ফিরতে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে লন্ডনের একটি নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, ট্রাভেল পাসের জন্য প্রয়োজনীয় ফরম পূরণ করে তা অন্য একজনের মাধ্যমে যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছেন তারেক রহমান।
এর আগে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান নিজেই জানান, তিনি আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। একই তথ্য গত শুক্রবার এক ব্রিফিংয়ে নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে, বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরবেন তারেক রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী, বিমানটি ঢাকায় অবতরণ করবে বেলা ১১টা ৫৫ মিনিটে।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার বলেন, তারেক রহমান তাঁর কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন। ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তাঁকে বহনকারী বিমানটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রস্তুতি লক্ষ করা যাচ্ছে।


















