সাকিবের দেশে ফেরার গুঞ্জন: যা জানা গেল বাস্তবতায়
- প্রকাশঃ ০৪:০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 46
রাজনৈতিক পটপরিবর্তনের আগে থেকেই দেশের বাইরে অবস্থান করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আর দেশে ফেরেননি। সম্প্রতি জাতীয় দলে তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আলোচনার মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ প্রেক্ষাপটে সাকিবের দেশে ফেরার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
নির্বাচনের আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিবের জাতীয় দলে ফেরার বিষয়ে বলেন,
সাকিবের দলে ফেরা তার ফর্মের ওপর নির্ভর করবে। তখন সে ক্রিকেটে থাকবে কি না, সেটাও বিবেচ্য। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাস করি না। যোগ্য হলে সে অবশ্যই খেলবে।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে, আগামী ২৮ ফেব্রুয়ারি দেশে ফিরতে পারেন সাকিব। ফলে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে তাকে দলে দেখা যেতে পারে—এমন সম্ভাবনার কথাও আলোচিত হতে থাকে। আগামী মার্চের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ ও পাকিস্তান ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হওয়ার কথা রয়েছে।
তবে দেশে ফেরার এই গুঞ্জন নাকচ করে দিয়েছেন সাকিব নিজেই। দেশের একটি গণমাধ্যমকে তিনি জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশে ফিরছেন না।
এদিকে জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে সাকিবের দেশে ফেরা এবং আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের বিষয়টি এখনো অনিশ্চিতই রয়ে গেছে।


















