নিরাপত্তা ও রাজনৈতিক টানাপোড়েনে ভারত থেকে টুর্নামেন্ট সরানোর কথা ভাবছে আইসিসি
- প্রকাশঃ ১০:২১:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 33
ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা দুটি বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্ট অস্ট্রেলিয়ায় সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা ও রাজনৈতিক জটিলতায় সৃষ্ট টানাপোড়েনের প্রেক্ষাপটে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে বিকল্প ভেন্যুর কথা ভাবছে সংস্থাটি।
পরিকল্পনাটি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড। প্রতিবেদনে বলা হয়, ২০২৯ সালে চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। এর মধ্যে ওয়ানডে বিশ্বকাপে ভারতের সহ-আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশ।
ভারত ও শ্রীলঙ্কায় চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ সরকার। ভেন্যু পরিবর্তনের অনুরোধ আমলে না নেওয়ায় শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয়, যা আইসিসিকে বড় সংকটে ফেলে।
পাকিস্তানের সঙ্গে ধারাবাহিক অনানুষ্ঠানিক আলোচনার একপর্যায়ে আইসিসির ডেপুটি চেয়ারম্যান লাহোর সফর করেন। পরে পাকিস্তান সরকার অবস্থান পরিবর্তন করলে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় নির্ধারিত সূচি অনুযায়ী ভারত–পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হয়।
সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঘটনার পর ক্রিকেট প্রশাসকদের মধ্যে বিস্তৃত বিকল্প পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সূত্রগুলোর মতে, ভবিষ্যতে বৈশ্বিক আসরে এ ধরনের রাজনৈতিক ও নিরাপত্তাজনিত বিভ্রাট এড়াতে নিরপেক্ষ ও নিরাপদ বিকল্প ভেন্যু খোঁজা হতে পারে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ক্রিকেটের আর্থিক কেন্দ্র হিসেবে ভারত সাম্প্রতিক সময়ে অধিকাংশ বড় টুর্নামেন্টের আয়োজক স্বত্ব পেয়েছে। তবে আঞ্চলিক প্রতিবেশীদের সঙ্গে জটিল সম্পর্ক সেই স্বত্ব পুনর্বিবেচনার কারণ হয়ে উঠতে পারে।
এই প্রেক্ষাপটে ২০২৯ সালের চ্যাম্পিয়নস ট্রফি ও ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়াকে বিকল্প ভেন্যু হিসেবে বিবেচনা করা হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০২৮ সালে অস্ট্রেলিয়ায় টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে, যেখানে সহ-আয়োজক হিসেবে থাকবে নিউজিল্যান্ড।


















