বিশ্বকাপ থেকে বিদায়, তবু নরওয়ে দলকে বীরের সংবর্ধনা দিল লাখ লাখ সমর্থক
- প্রকাশঃ ১৪ জুলাই ২০২৬, ১০:০৪
- / 6
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও নরওয়ে জাতীয় ফুটবল দলকে বীরের সম্মান জানিয়েছেন দেশটির সমর্থকেরা। সোমবার রাজধানী অসলোর রাজপথে এক লাখেরও বেশি মানুষ জড়ো হয়ে দলটিকে অভূতপূর্ব সংবর্ধনা দেন। শনিবার কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে নরওয়ের বিশ্বকাপ অভিযান শেষ হয়। এরপরও দেশের ইতিহাসে অন্যতম সফল বিশ্বকাপ অভিযানের স্বীকৃতি হিসেবে জাতীয় দলের জন্য আয়োজন করা হয় বড় পরিসরের শোভাযাত্রা।
দলটি দেশে ফিরলে অসলোতে ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে তাদের স্বাগত জানানো হয়। পরে খেলোয়াড়রা খোলা বাসে শহরের প্রধান সড়কগুলো ঘুরে সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন। হাজারো সমর্থক রয়্যাল প্যালেসের সামনে জড়ো হন। সেখানে নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ডের সঙ্গে সাক্ষাৎ করেন খেলোয়াড়রা। পরে প্রাসাদের সিঁড়ি থেকে উপস্থিত সমর্থকদের উদ্দেশে শুভেচ্ছা জানান তারা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নরওয়ের জনপ্রিয় ‘ভাইকিং রো’ উদযাপন। এতে ড্রাম বাজিয়ে নেতৃত্ব দেন যুবরাজ হাকন। তবে এ আয়োজনে উপস্থিত থাকতে পারেননি তারকা ফরোয়ার্ড এরলিং হলান্ড। তিনি সতীর্থ সান্দার বের্গেকে নিয়ে আগেই বিমান ধরতে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এ বিষয়ে প্রধান কোচ স্তালে সোলবাকেন বলেন, “যুক্তরাষ্ট্র থেকে আমাদের ফেরার ফ্লাইট চার ঘণ্টা দেরি হওয়ায় এরলিং ও সান্দারকে তাদের নির্ধারিত ফ্লাইট ধরতে আগে চলে যেতে হয়েছে।”
খোলা বাসে শোভাযাত্রা অসলোর কেন্দ্রীয় এলাকায় পৌঁছালে বিপুল জনসমাগমের কারণে কয়েকবার থেমে যেতে হয়। এক পর্যায়ে নিচু বৈদ্যুতিক তারের কারণে বাসের চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে খেলোয়াড়রা কিছু সময় বাসের ওপরের অংশে বসে থাকেন। পরে আবার শোভাযাত্রা শুরু হয়।
এই ঘটনা ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে কোচ স্তালে সোলবাকেনের একটি মন্তব্যের কথাও সামনে আনে। তিনি দাবি করেছিলেন, জুড বেলিংহ্যামের সমতাসূচক গোলের আগে বলটি একটি ক্যামেরার তারে লেগেছিল। তবে ফিফা একাধিকবার সেই দাবি প্রত্যাখ্যান করেছে। শোভাযাত্রার সমাপ্তি হয় সিটি হল স্কয়ারে। সেখানে তখনও হাজারো সমর্থক জাতীয় দলকে অভিনন্দন জানাতে অপেক্ষা করছিলেন।
নরওয়ের অধিনায়ক মার্টিন ওডেগার্ড দেশটির সম্প্রচারমাধ্যম এনআরকেকে বলেন, “এমন কিছু হবে, তা আমরা কেউ কল্পনাও করিনি।” তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রে এবং দেশে আমরা যে সমর্থন পেয়েছি, তা আমাদের প্রত্যাশার অনেক বেশি। এটি সত্যিই অসাধারণ অভিজ্ঞতা।” কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও কয়েক দশকের মধ্যে দেশের অন্যতম সফল বিশ্বকাপ অভিযানের স্বীকৃতি হিসেবে অসলোর এই সংবর্ধনা জাতীয় দলের প্রতি সমর্থকদের গভীর ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে।


























