যুক্তরাষ্ট্রের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহর ডিয়ারবর্নে ধর্মীয় বিরোধ, বাড়ছে রাজনৈতিক বিতর্ক
- প্রকাশঃ ১৬ নভেম্বর ২০২৬, ১৯:১২
- / 72
ডিয়ারবর্ন, ১৭ নভেম্বর ২০২৬, (প্রজন্ম কথা) – যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডিয়ারবর্ন শহরে ধর্মীয় বিরোধ ও রাজনৈতিক বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে। শহরটির অধিকাংশ বাসিন্দা আরব-আমেরিকান বা মধ্যপ্রাচ্য বংশোদ্ভূত। স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের বড় অংশও এই জনগোষ্ঠীর। এ কারণে শহরটি মুসলিমবিরোধী প্রচারক ও বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
সাম্প্রতিক সময়ে শহরটিতে একের পর এক বিক্ষোভ ও সংঘাতের ঘটনা ধর্মীয় সহাবস্থান, মতপ্রকাশের স্বাধীনতা এবং যুক্তরাষ্ট্রের মূল্যবোধের সঙ্গে স্থানীয় সমাজের সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি করেছে। খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ একটি দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহরটির অবস্থান নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে।
তবে শহরের সব বাসিন্দার দৃষ্টিভঙ্গি এক নয়। ডিয়ারবর্নের সলিড রক চার্চের খ্রিষ্টান যাজক নাথান হেইস মনে করেন, শহরটির সামগ্রিক চরিত্র ইতিবাচক। আগস্টে এক উত্তপ্ত সিটি কাউন্সিল সভায় তিনি বলেন, প্রতিটি শহর, পাড়া ও ধর্মেই ভালো-মন্দ মানুষ রয়েছে। ডিয়ারবর্নও যুক্তরাষ্ট্রের অংশ এবং দেশটির মূল্যবোধেরই প্রতিফলন।
তবে দীর্ঘদিনের কিছু বাসিন্দা এ বিষয়ে ভিন্নমত পোষণ করেন। তাঁদের একজন অ্যান্থনি ডিগান। নিজেকে ২৫ বছর ধরে ডিয়ারবর্নের বাসিন্দা হিসেবে পরিচয় দিয়ে তিনি বলেন, শহরটিতে অনেক শান্তিপ্রিয় ও ভালো মুসলিম থাকলেও একটি ছোট উগ্রপন্থী গোষ্ঠীও রয়েছে, যাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
ওই কাউন্সিল সভার আগে শহরটিতে ইসলামবিরোধী প্রচারক জেক ল্যাংয়ের ওপর হামলার ঘটনা ঘটে। গত ২ আগস্ট একটি মুসলিম ধর্মীয় শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের উসকানি দেওয়ার পর ল্যাং ও তাঁর ভিডিও ধারণকারী সহকর্মী জনতার আক্রমণের মুখে পড়েন। পরে ওয়েন কাউন্টির একজন কৌঁসুলি হামলায় জড়িত একজনের বিরুদ্ধে বিদ্বেষপ্রসূত অপরাধ ও গুরুতর হামলার অভিযোগ আনার সিদ্ধান্ত থেকে সরে আসেন বলে জানিয়েছে দ্য সেন্টার স্কয়ার।
ডিয়ারবর্নের প্রথম মুসলিম মেয়র আবদুল্লাহ হামুদ কাউন্সিল সভায় ধর্মীয় বিরোধের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে শহরের বাসিন্দা ও শিশুদের ওপর এর নেতিবাচক প্রভাবের কথা তুলে ধরে তিনি সবাইকে দৃঢ় থাকার আহ্বান জানান। সভায় তিনি বলেন, অন্য সবার মতোই এই শহরে বসবাসের অধিকার তাঁদের রয়েছে।
তবে মেয়রের অতীতের কিছু বক্তব্য তাঁর সাম্প্রতিক অন্তর্ভুক্তিমূলক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক বলে সমালোচনা উঠেছে। গত বছর স্থানীয় এক খ্রিষ্টান যাজকের সঙ্গে সিটি কাউন্সিলের সভায় বিরোধের সময় হামুদ তাঁকে বলেছিলেন, তিনি ডিয়ারবর্নে স্বাগত নন। স্থানীয় এক আরব-আমেরিকান সাংবাদিকের নামে একটি সড়কের মোড়ের নামকরণ পরিকল্পনা নিয়ে ওই বিরোধের সূত্রপাত হয়। মেয়র আরও বলেছিলেন, ওই যাজক শহর ছেড়ে গেলে তিনি আনন্দ মিছিলের আয়োজন করবেন।
২০২৪ সালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হামুদ লিখেছিলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডিয়ারবর্নে এলে তাঁকে গ্রেপ্তার করা হবে। আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কথা উল্লেখ করে তিনি এ মন্তব্য করেন। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিও নেতানিয়াহুর সম্ভাব্য নিউইয়র্ক সফর ঘিরে একই ধরনের বক্তব্য দিয়েছিলেন। তবে ট্রাম্প প্রশাসন জানিয়ে দেয়, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয় এবং নেতানিয়াহুকে গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেওয়া হবে না।
এ বছরের সেপ্টেম্বরে হামুদ সংগীতশিল্পী ম্যাকলমোরকে ডিয়ারবর্নে পরিবেশনার আমন্ত্রণ জানান। নিউ জার্সিতে একটি অনুষ্ঠানে ‘ফিলিস্তিন মুক্ত করো’ স্লোগান দেওয়ার পর তাঁকে একটি জাতীয় স্টেডিয়াম কনসার্ট সফর থেকে বাদ দেওয়া হয়েছিল। ম্যাকলমোরকে আমন্ত্রণ জানানোর ঘটনাও ইসরায়েল বিষয়ে সমালোচনার প্রতি সংবেদনশীল মার্কিন নাগরিকদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। এ বিষয়ে মন্তব্য চেয়ে যোগাযোগ করা হলেও হামুদ সাড়া দেননি।
‘লিটল অ্যারাবিয়া’ হয়ে ওঠার ইতিহাস
ডিয়ারবর্নে আরব-আমেরিকান জনগোষ্ঠীর উপস্থিতি কয়েক প্রজন্মের। শহরটিতে এই জনগোষ্ঠীর বসতি বিস্তারে ভূমিকা ছিল গাড়ি নির্মাতা হেনরি ফোর্ডের। ইহুদিবিদ্বেষী অবস্থানের জন্য পরিচিত ফোর্ড তাঁর সংবাদপত্র ‘দ্য ডিয়ারবর্ন ইন্ডিপেনডেন্ট’-এ ১৯২০-এর দশকে ইহুদিদের বিরুদ্ধে প্রচার চালাতেন।
তবে তিনি আরব অভিবাসীদের নিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছিলেন। সময়ের সঙ্গে ডিয়ারবর্নে তাঁদের উপস্থিতি বাড়তে থাকে। ২০২০ সালে শহরটি যুক্তরাষ্ট্রের প্রথম আরব সংখ্যাগরিষ্ঠ শহরে পরিণত হয়।
বর্তমানে শহরটির প্রশাসনে আরব-আমেরিকানদের গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। সেখানে ‘লিটল অ্যারাবিয়া’ নামে পরিচিত একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকাও রয়েছে। ওই এলাকার অনেক প্রতিষ্ঠানের সাইনবোর্ডে আরবি ভাষার ব্যবহার চোখে পড়ে। শহরের পুলিশ বিভাগের স্বয়ংক্রিয় টেলিফোন ব্যবস্থায় ইংরেজি ও স্প্যানিশের পাশাপাশি আরবি ভাষায় সেবা নেওয়ার সুযোগ রয়েছে।
যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও মুসলিম প্রতিনিধিত্ব বাড়ছে। মিশিগান থেকে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ প্রথম মুসলিম হিসেবে মার্কিন সিনেটে নির্বাচিত হয়েছেন। এদিকে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস বা কেয়ার জানিয়েছে, মধ্যবর্তী নির্বাচনে রেকর্ডসংখ্যক মুসলিম প্রার্থী নির্বাচিত হয়েছেন। সংগঠনটির হিসাবে, নির্বাচনে শতাধিক মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন।
কেয়ারের পক্ষ থেকে বলা হয়েছে, এসব বিজয় মুসলিম প্রার্থী ও তাঁদের সম্প্রদায়ের বিরুদ্ধে চালানো ইসলামবিদ্বেষী প্রচারের বিরুদ্ধে শক্তিশালী জবাব।
উত্তর আমেরিকার বৃহত্তম মসজিদও ডিয়ারবর্নে অবস্থিত। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মুসলিম সমাবেশগুলোর কয়েকটি শহরটিতে অনুষ্ঠিত হয়। এ কারণে খ্রিষ্টান ধর্মপ্রচারক ও ইসলামবিরোধী প্রচারকদেরও আগ্রহের কেন্দ্র হয়ে উঠেছে শহরটি।
ধর্মীয় স্বাধীনতা নিয়ে একাধিক মামলা
ডিয়ারবর্নে ধর্মীয় বিরোধের ইতিহাস বেশ পুরোনো। শহরটির আরব আন্তর্জাতিক উৎসব প্রতিবছর কয়েক লাখ মানুষকে আকর্ষণ করত। তবে একাধিক সংঘাত ও নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার নিষ্পত্তিতে শহর ও কাউন্টিকে প্রায় ৬ লাখ ডলার দিতে হওয়ার পর ২০১৩ সালে উৎসবটি বন্ধ হয়ে যায়।
২০০৯ সালে এক ক্যালিফোর্নিয়ার যাজক উৎসবে খ্রিষ্টধর্মের প্রচারপত্র বিতরণে পুলিশের নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা করেন। কয়েক বছর ধরে উৎসবে অংশ নেওয়া ওই যাজককে প্রচারপত্র বিতরণে বাধা দেওয়া হয়েছিল। ফেডারেল আপিল আদালত নিষেধাজ্ঞাটিকে মতপ্রকাশের স্বাধীনতার লঙ্ঘন বলে রায় দেন। পরে মামলা নিষ্পত্তিতে শহর কর্তৃপক্ষ ১ লাখ ডলার দেয়।
২০১০ সালে চারজন খ্রিষ্টান ধর্মপ্রচারক মুসলিমদের সঙ্গে ধর্মীয় বিষয়ে আলোচনা করার সময় ‘শান্তি বিঘ্নিত করার’ অভিযোগে গ্রেপ্তার হন। পরে তাঁরা অভিযোগ থেকে অব্যাহতি পান এবং নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগে শহরের বিরুদ্ধে মামলা করেন। এর নিষ্পত্তিতে ৩ লাখ ডলার দিতে হয়।
২০১২ সালে উৎসবে একদল খ্রিষ্টান ইসলামবিরোধী স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও পোশাক পরে মুসলিমদের উসকানি দেন। মেগাফোন ব্যবহার করে প্রচার চালানোর সময় ক্ষুব্ধ উৎসব অংশগ্রহণকারীরা তাঁদের লক্ষ্য করে পাথর ও অন্যান্য বস্তু ছুড়তে থাকেন। পরে পুলিশ গ্রেপ্তারের হুমকি দিয়ে ওই দলকে স্থান ত্যাগের নির্দেশ দেয়।
এ ঘটনায় দায়ের করা মামলায় ফেডারেল আপিল আদালত গুরুত্বপূর্ণ রায় দেন। আদালত বলেন, কোনো ব্যক্তির শান্তিপূর্ণ বক্তব্যে অন্যরা সহিংস প্রতিক্রিয়া দেখালেই পুলিশ তাঁকে কথা বলা থেকে বিরত রাখতে পারে না। বরং ওই ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। মামলাটির নিষ্পত্তিতে ওয়েন কাউন্টিকে প্রায় ২ লাখ ডলার দিতে হয়।
সর্বশেষ গত সেপ্টেম্বরে শহরটির বিরুদ্ধে আরেকটি ফেডারেল মামলা দায়ের করা হয়েছে। মামলাটিতে অভিযোগ করা হয়, ডিয়ারবর্ন কর্তৃপক্ষ সরকারি অর্থ ব্যবহার করে ইসলামি প্রতীক ও প্রদর্শনীর আয়োজন করেছে, অথচ খ্রিষ্টান ও ইহুদি ধর্মীয় উৎসব স্বীকৃতি দেওয়ার অনুরোধ উপেক্ষা করেছে।
মামলায় মেয়র হামুদের সেই বক্তব্যও উল্লেখ করা হয়েছে, যেখানে তিনি এক খ্রিষ্টান যাজককে ডিয়ারবর্নে স্বাগত নন বলে মন্তব্য করেছিলেন। মামলার বাদী মারগট ক্লিভল্যান্ডের অভিযোগ, খ্রিষ্টানদের প্রতি বৈষম্যের দীর্ঘ ইতিহাস রয়েছে শহরটির। অতীতের মামলাগুলোতে খ্রিষ্টান পক্ষ জয়ী হলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।
তবে শহর কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে। মামলাটির নিষ্পত্তি কবে হবে, তা এখনো স্পষ্ট নয়।

















