যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনে গত ৫ বছরের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের তথ্য দিতে হবে: মার্কিন দূতাবাস
- প্রকাশঃ ১৩ জুলাই ২০২৬, ০৭:২৯
- / 9
যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের ডিএস-১৬০ (DS-160) ভিসা আবেদন ফর্মে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম (Username) বা হ্যান্ডেল (Handle) উল্লেখ করা বাধ্যতামূলক বলে জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।
মার্কিন দূতাবাস এক বার্তায় জানায়, ডিএস-১৬০ ভিসা আবেদন ফর্মে আবেদনকারীদের গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডেল দিতে হবে।
দূতাবাস আরও জানায়, আবেদনকারীরা আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য বলে প্রত্যয়ন করার পরই ফর্মে স্বাক্ষর করে তা জমা দেন। তাই আবেদনপত্রে কোনো তথ্য গোপন করা বা ভুল তথ্য দেওয়া ভিসা প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বার্তায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য গোপন করলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও আবেদনকারী অযোগ্য হিসেবে বিবেচিত হতে পারেন।
মার্কিন দূতাবাস আবেদনকারীদের ডিএস-১৬০ ফর্ম পূরণের সময় সব তথ্য নির্ভুল ও সম্পূর্ণভাবে দেওয়ার আহ্বান জানিয়েছে।


























