মাদ্রাসার সামনে ট্রাকচাপায় তিন বোনের একজন নিহত, আহত আরও সাতজন
- প্রকাশঃ ০২:৩৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / 15
তিন বোনকে চাপা দেওয়া ট্রাক। আজ সকালে চট্টগ্রামের মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায়। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাদ্রাসার সামনে বেপরোয়া ট্রাকচাপায় এক ছাত্রী ও এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও সাতজন, যাদের মধ্যে নিহত ছাত্রীর দুই বোনও রয়েছে।
বুধবার (তারিখ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজার এলাকার জাহেদিয়া দাখিল মাদ্রাসার পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রী খাদিজা মাশমুম (১৫) জাহেদিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী এবং খৈয়াছড়া ইউনিয়নের পোলমোগরা গ্রামের নাছির উদ্দিনের মেয়ে। অপর নিহত ব্যক্তি একজন পথচারী তরুণ, যার পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আহতদের মধ্যে রয়েছে খাদিজার দুই বোন—মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী তোফিয়া তাবাসসুম (১৩) ও সপ্তম শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা (১১), পথচারী আবুল খায়ের (৪০) এবং নাম-পরিচয় না জানা আরও তিনজন। তাঁদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তিন বোন প্রতিদিনের মতো মহাসড়ক পার হয়ে মাদ্রাসায় যাচ্ছিল। তারা মাদ্রাসার ফটকের সামনে পৌঁছালে হঠাৎ দ্রুতগতির একটি গোখাদ্যবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। অটোরিকশাটি ছিটকে পাশের পুকুরে পড়ে যায়। এরপর ট্রাকটি তিন বোনসহ কয়েকজন পথচারীকে চাপা দেয় এবং নিজেও পুকুরে পড়ে যায়।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মাদ্রাসার শিক্ষক মো. নুরুজ্জামান বলেন,
সকাল সাড়ে ৯টার দিকে বিকট শব্দ শুনে ফিরে দেখি একটি অটোরিকশা পুকুরে পড়ে আছে এবং কয়েকজন মানুষ সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।
নিহত খাদিজার বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে লাশ রেখে পর্দা টানিয়ে রাখা হয়েছে। স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বাবা নাছির উদ্দিন নির্বাক হয়ে বসেছিলেন। স্বজনরা জানান, তাঁর তিন মেয়েই একই মাদ্রাসায় পড়ত এবং বাড়ি থেকে আধা কিলোমিটার পথ হেঁটে প্রতিদিন যাতায়াত করত।
মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরী বলেন,
দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।




























