জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোস্টেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে বিক্ষোভ
- প্রকাশঃ ১২:৪১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 10
সুনামগঞ্জের জামালগঞ্জে জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ–এর ছাত্রী হোস্টেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগ তুলে শিক্ষার্থীরা দিনভর বিক্ষোভ করেছেন। বুধবার শিক্ষার্থীরা মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। একপর্যায়ে তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করলেও পরে তা খুলে দেওয়া হয়। বিকেলে জেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং হোস্টেলের দায়িত্বপ্রাপ্ত দুই শিক্ষককে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী সেনাবাহিনীর একটি দল অস্থায়ীভাবে ছাত্রী হোস্টেল ভবনে অবস্থান করেছিল। সে সময় হোস্টেলে কোনো ছাত্রী ছিলেন না। পরবর্তীতে বাথরুম পরিষ্কার করার সময় কিছু কনডমের প্যাকেট পাওয়া যায় বলে কলেজের বর্তমান ও সাবেক কয়েকজন শিক্ষার্থী দাবি করেন।
এ ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে জামালগঞ্জ রিভার ভিউ পার্ক এলাকা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে এসে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। বিকাল পর্যন্ত তারা নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
শিক্ষার্থীদের অভিযোগ, সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি মৌখিকভাবে কলেজ প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পাশাপাশি হোস্টেল ব্যবস্থাপনা ও শিক্ষার পরিবেশ নিয়ে আগে থেকেই অনিয়মের অভিযোগ রয়েছে বলেও তারা দাবি করেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত রঞ্জন দে বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সঙ্গে আলোচনা করে হল সুপার মুজিবুর রহমান এবং ইতিহাস বিভাগের প্রধান পঙ্কজ বর্মণকে হোস্টেল-সংক্রান্ত অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল বলেন, দুই পক্ষের সঙ্গে কথা বলে হোস্টেলের দায়িত্ব থেকে দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

















