দুই–তৃতীয়াংশ আসনে জয়ী বিএনপি: দুই যুগ পর সরকার গঠনের পথে
- প্রকাশঃ ০২:২০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 49
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই–তৃতীয়াংশ আসন জয় করে সরকার গঠনের পথে এগোচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ নির্বাচনের মাধ্যমে প্রায় দুই দশক পর ক্ষমতায় ফিরছে দলটি।
বেসরকারিভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ২৯৯টি আসনে অনুষ্ঠিত ভোটের মধ্যে বিএনপি ও তাদের জোটভুক্ত প্রার্থীরা ২০৭টি আসনে জয়ী হয়েছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলে দল ঘোষণা করেছে। তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং দুটি আসনেই জয়ী হয়েছেন।
জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে শেরপুর-৩ আসনে ভোট স্থগিত হয়েছে জামায়াতের প্রার্থীর মৃত্যুর কারণে। এ ছাড়া বাকি ২৯৯টি আসনের মধ্যে ২৮৮টির বেসরকারি ফলাফলে দেখা গেছে, বিএনপি ও জোটভুক্ত দল পেয়েছে ২০৭টি আসন, জামায়াত ও মিত্র দল পেয়েছে ৭৩টি আসন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসন ও স্বতন্ত্র/অন্যান্য প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছেন। বাকি কিছু আসনেও বিএনপি জয়ের পথে রয়েছে।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, জনগণের ভালোবাসায় সিক্ত দলটি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করবে। তিনি বলেন, “এখন পর্যন্ত প্রাপ্ত ভোটের হিসাব ও আসনভিত্তিক তথ্যের ভিত্তিতে আমরা এই জয় নিয়ে আত্মবিশ্বাসী।”
বেসরকারিভাবে পাওয়া ফলাফলে দেখা যাচ্ছে, বিএনপি ও মিত্ররা দেশের রাজনৈতিক দৃশ্যে দৃঢ় প্রভাব রেখেছে এবং দুই দশক পর ক্ষমতায় ফিরে দেশের নীতি ও প্রশাসনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার পথ সুগম করেছে।


















