লম্বা সময়ের ইনজুরিতে হামজা চৌধুরি : মিস করতে পারেন ভিয়েতনাম ও সিঙাপুরের ম্যাচ
- প্রকাশঃ ০২:০০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 39
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ভাইস-ক্যাপ্টেন ও মিডফিল্ডার হামজা চৌধুরি দীর্ঘমেয়াদি ইনজুরিতে পড়েছেন। ইংলিশ চ্যাম্পিয়নশিপে লেস্টার সিটির হয়ে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচে খেলতে গিয়ে ডান হাঁটুর মিডিয়াল কল্যাটারাল লিগামেন্টে (এমসিএল) চোট পান তিনি।
গত শনিবারের ওই ম্যাচে মাত্র ৩০ মিনিট খেলার পরই চোটে পড়েন হামজা। মাঠ ছাড়ার সময় তাঁকে ক্রাচে ভর দিয়ে হাঁটতে দেখা যায় এবং হাঁটুতে ব্রেস পরানো ছিল। ম্যাচ শেষে লেস্টারের ইন্টারিম কোচ অ্যান্ডি কিং জানান, হামজাকে লন্ডনের এক বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হচ্ছে। আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন না হলেও তাঁর সেরে উঠতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে।
এই ইনজুরির কারণে জাতীয় দলের আসন্ন দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে হামজার অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আগামী ২৬ মার্চ ভিয়েতনামে প্রীতি ম্যাচ এবং ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ রয়েছে বাংলাদেশের। এই দুই ম্যাচেই তাঁকে না পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
হামজার অনুপস্থিতি জাতীয় দলের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। বাফুফে সূত্রে জানা গেছে, তাঁর রিকভারি প্রক্রিয়া নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে হামজার দ্রুত সুস্থতা কামনা করছেন ভক্তরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও জানিয়েছে, তাঁর অবস্থা নিয়ে বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়ানো হচ্ছে না এবং বিষয়টি স্বচ্ছভাবে জানানো হবে।
সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

















