অস্ট্রেলিয়ায় মানবিক ভিসা পেলেন ইরানের পাঁচ নারী ফুটবলার
- প্রকাশঃ ০২:২৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / 31
দেশে ফিরলে নিপীড়নের আশঙ্কায় অস্ট্রেলিয়ায় আশ্রয় চেয়েছেন ইরানের জাতীয় নারী ফুটবল দলের পাঁচ খেলোয়াড়। মানবিক বিবেচনায় তাঁদের আবেদন মঞ্জুর করে অস্ট্রেলিয়া সরকার বিশেষ মানবিক ভিসা দিয়েছে। ফলে আপাতত অস্ট্রেলিয়াতেই অবস্থান করছেন ওই পাঁচ ফুটবলার।
মঙ্গলবার (১০ মার্চ) অস্ট্রেলিয়া সরকার আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানায়।
ইরানের নারী ফুটবল দল বর্তমানে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপে অংশ নিতে গিয়েছিল। টুর্নামেন্ট চলাকালে দলের পাঁচ খেলোয়াড় গোপনে টিম হোটেল ছেড়ে অস্ট্রেলিয়ান পুলিশের কাছে আশ্রয় নেন। পরে তারা অস্ট্রেলিয়া সরকারের কাছে নিরাপত্তা ও সহায়তা চান।
মানবিক ভিসা পাওয়া খেলোয়াড়রা হলেন— জাহরা সারবালি আলিশাহ, ফাতেমেহ পাসানদিদেহ, মোনা হামুদি, জাহরা ঘানবারি এবং আতেফেহ রামেজানিজাদেহ।
এদিকে এশিয়ান কাপ চলাকালেই ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশজুড়ে অস্থিরতা তৈরি হয়।
এ পরিস্থিতির মধ্যে মাঠের পারফরম্যান্সেও ছন্দ খুঁজে পায়নি ইরান নারী দল। টুর্নামেন্টে তারা ফিলিপাইনের কাছে ২–০, স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ৪–০ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৩–০ গোলে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয়।
টুর্নামেন্টের শুরু থেকেই আলোচনায় ছিলেন এই পাঁচ ফুটবলার। ২ মার্চ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে জাতীয় সংগীত চলাকালে তারা নীরবে দাঁড়িয়ে থাকেন এবং সংগীত পরিবেশন করেননি। এ ঘটনায় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে তাদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করা হয়। এক ধারাভাষ্যকার বিষয়টিকে ‘চরম অসম্মান’ বলেও উল্লেখ করেন।
ঘটনার পর থেকেই খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক সামাজিক মাধ্যমে ওই পাঁচ ফুটবলারের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করেন। তিনি জানান, কয়েক দিন ধরে গোপনে তাদের সঙ্গে আলোচনা চলছিল এবং মানবিক বিবেচনায় তাদের অস্ট্রেলিয়ায় থাকার অনুমতি দেওয়া হয়েছে।
তবে পুরো দলের সবাই একই সিদ্ধান্ত নেবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।























