কাজের মাধ্যমে কানাডায় স্থায়ী বসবাস, এক্সপ্রেস এন্ট্রিতে আবেদন করবেন যেভাবে
- প্রকাশঃ ১৪ অগাস্ট ২০২৬, ১৮:৩৮
- / 104
অটোয়া, ১৪ আগস্ট, (প্রজন্ম কথা) – দক্ষ কর্মীদের কানাডায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে চালু রয়েছে ‘এক্সপ্রেস এন্ট্রি’ অভিবাসন ব্যবস্থা। নির্দিষ্ট যোগ্যতা পূরণকারী বিদেশি নাগরিকরা এই ব্যবস্থায় প্রোফাইল তৈরি করে স্থায়ী বসবাসের জন্য আবেদন করার সুযোগ পেতে পারেন।
এক্সপ্রেস এন্ট্রির আওতায় তিনটি প্রধান অভিবাসন কর্মসূচি রয়েছে। কানাডায় অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা ব্যক্তিদের জন্য রয়েছে কানাডিয়ান অভিজ্ঞতা শ্রেণি। কানাডায় আগে কাজ না করা দক্ষ কর্মীদের জন্য রয়েছে ফেডারেল দক্ষ কর্মী কর্মসূচি। আর নির্মাণ, পরিবহন ও উৎপাদনসহ নির্দিষ্ট কারিগরি পেশায় দক্ষ কর্মীদের জন্য রয়েছে ফেডারেল দক্ষ কারিগরি কর্মী কর্মসূচি।
এই ব্যবস্থায় প্রথমে অনলাইনে আবেদনকারীকে নিজের প্রোফাইল তৈরি করতে হয়। বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, ভাষাগত দক্ষতা এবং অন্যান্য নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে প্রার্থীদের স্কোর দেওয়া হয়।
নির্দিষ্ট সময় পরপর এক্সপ্রেস এন্ট্রি পুল থেকে তুলনামূলক বেশি স্কোর পাওয়া প্রার্থীদের স্থায়ী বসবাসের আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য জমা দিয়ে চূড়ান্ত আবেদন সম্পন্ন করতে হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে স্থায়ী বসবাসের আবেদন করতে মূল আবেদনকারীর সরকারি ফি ১ হাজার ৫৯০ কানাডীয় ডলার। স্বামী বা স্ত্রীর ক্ষেত্রেও একই পরিমাণ ফি প্রযোজ্য। প্রত্যেক নির্ভরশীল সন্তানের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ২৭০ কানাডীয় ডলার।
তবে প্রোফাইল তৈরি বা আবেদন করলেই স্থায়ী বসবাসের অনুমোদন নিশ্চিত হয় না। আমন্ত্রণ পাওয়ার বিষয়টি প্রার্থীর স্কোর, যোগ্যতা এবং সংশ্লিষ্ট অভিবাসন কর্মসূচির শর্ত পূরণের ওপর নির্ভর করে। চূড়ান্ত আবেদন যাচাইয়ের পরই স্থায়ী বসবাসের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্রঃ প্রবাশ জার্নাল





























