ঢাবির শিক্ষকতা ছেড়ে ক্যামব্রিজ-ইউসিএল পেরিয়ে অক্সফোর্ডে, রোবোটিকস থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করবেন সিফাত
- প্রকাশঃ ২০ অক্টোবর ২০২৬, ১৮:২৮
- / 6
বাংলাদেশ থেকে প্রতিবছর অসংখ্য মেধাবী তরুণ মাস্টার্স ও পিএইচডি করতে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন। কেউ ফুল ফান্ডেড স্কলারশিপে, কেউ বিভিন্ন শিক্ষাবৃত্তির সুযোগ নিয়ে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে যুক্ত হচ্ছেন। নিজেদের মেধা, গবেষণা ও একাডেমিক সাফল্যের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি করছেন বাংলাদেশের নতুন পরিচয়।
তেমনই একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস ও মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের সিফাত ই আরমান। ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ডিফিল করার সুযোগ পেয়েছেন তিনি। সেখানে তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র হবে কৃত্রিম বুদ্ধিমত্তা, কম্পিউটার ভিশন ও স্বাস্থ্যসেবা প্রযুক্তি।
অক্সফোর্ডে সুযোগ পাওয়ার পাশাপাশি বিশ্বের শীর্ষস্থানীয় আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকেও অফার পেয়েছিলেন সিফাত। এর মধ্যে ছিল ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি কলেজ লন্ডনসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। শেষ পর্যন্ত অক্সফোর্ডেই গবেষণার পরবর্তী অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সিফাত ই আরমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস ও মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে ৩.৯৮ সিজিপিএ নিয়ে মাস্টার্স শেষ করেন। একাডেমিক পড়াশোনা শেষে তিনি যুক্ত হন গবেষণা ও শিক্ষকতা পেশায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ করার পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়েও কাজ করেছেন তিনি। পরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবেও দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস ও মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগে চার বছরের বেশি সময় শিক্ষকতা করেছেন সিফাত। লেকচারার হিসেবে যাত্রা শুরু করে সর্বশেষ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি রিসার্চ এক্সিলেন্সি অ্যাওয়ার্ডও অর্জন করেছেন। সিফাতের গবেষণার ক্ষেত্র বিস্তৃত। রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি কম্পিউটার ভিশন, মেডিক্যাল ইমেজ প্রসেসিং এবং কৃষিতে মেশিন লার্নিংয়ের ব্যবহার নিয়ে কাজ করেছেন তিনি।
প্রযুক্তির এসব ক্ষেত্রের গবেষণা মানুষের স্বাস্থ্যসেবা, কৃষি ও বিভিন্ন বাস্তব জীবনের সমস্যার সমাধানে প্রযুক্তির ব্যবহারকে এগিয়ে নেওয়ার সঙ্গে যুক্ত। অক্সফোর্ডে তাঁর পরবর্তী গবেষণাতেও কৃত্রিম বুদ্ধিমত্তা, কম্পিউটার ভিশন ও স্বাস্থ্যসেবা প্রযুক্তি গুরুত্বপূর্ণ জায়গা দখল করবে।
একাডেমিক পড়াশোনা, গবেষণা ও শিক্ষকতার অভিজ্ঞতার পর এবার তাঁর সামনে যুক্তরাজ্যের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয়ে গবেষণার নতুন অধ্যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও গবেষণাগার থেকে শুরু হওয়া এই পথ এবার পৌঁছেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের একজন তরুণ গবেষক হিসেবে আন্তর্জাতিক পরিসরে নিজের কাজকে আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হয়েছে সিফাত ই আরমানের সামনে।




























