অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে স্নাতকোত্তর ও এমবিএ পড়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- প্রকাশঃ ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১০
- / 10
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর ও এমবিএ প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ তৈরি হয়েছে। ‘পার্শিং স্কয়ার গ্র্যাজুয়েট স্কলারশিপ’ শীর্ষক এ বৃত্তির জন্য বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত।
ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে অবস্থিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ধারণা করা হয়, ১১০০ শতাব্দীর শেষ দিকে অথবা ১২০০ শতাব্দীর শুরুতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে উচ্চশিক্ষা ও গবেষণায় এটি বিশ্বব্যাপী অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।
স্কলারশিপের সুযোগ-সুবিধা
নির্বাচিত শিক্ষার্থীরা দুই বছরের জন্য সম্পূর্ণ টিউশন ফি পাবেন। পাশাপাশি জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য ভাতা প্রদান করা হবে। এ ছাড়া নেটওয়ার্কিং ও নেতৃত্ব উন্নয়নবিষয়ক বিশেষ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ এবং পার্শিং স্কয়ার ফাউন্ডেশনের আন্তর্জাতিক কমিউনিটির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ থাকবে।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীদের যেকোনো দেশের নাগরিক হতে হবে।
অ্যাকাডেমিক ফলাফলে প্রথম শ্রেণি বা সমমানের কৃতিত্ব থাকতে হবে। পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, সামাজিক প্রভাব তৈরির সক্ষমতা এবং পেশাগত লক্ষ্য ও স্কলারশিপের উদ্দেশ্যের মধ্যে সুস্পষ্ট সামঞ্জস্য থাকতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের সঙ্গে নির্ধারিত আবেদনপত্র, অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট, ৫০০ শব্দের স্কলারশিপ প্রবন্ধ, দুটি সুপারিশপত্র, পাসপোর্ট সাইজের ছবি, বৈধ পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র এবং জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিতে হবে।
অধ্যয়নের ক্ষেত্র
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে ১৮০টিরও বেশি মাস্টার্স কোর্স রয়েছে। এসব কোর্সের মধ্যে পাঠদানভিত্তিক ও গবেষণাভিত্তিক উভয় ধরনের প্রোগ্রাম অন্তর্ভুক্ত। এর মধ্যে মাস্টার অব সায়েন্স (এমএসসি) অন্যতম, যা সাধারণত এক বছর মেয়াদি এবং শ্রেণিকক্ষভিত্তিক।
আবেদন পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সময় Funding অংশে Pershing Square Scholarship-এর জন্য বিবেচনার আগ্রহ প্রকাশ করতে হবে এবং নির্ধারিত ৫০০ শব্দের প্রবন্ধ জমা দিতে হবে।
আবেদন করতে এবং বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন- https://www.sbs.ox.ac.uk/oxford-experience/scholarships-and-funding/oxford-pershing-square-graduate-scholarships





















