গাজীপুরে বাসা থেকে গলাকাটা লাশ; স্বামী গুরুতর জখম, মেয়েকে পুলিশ হেফাজতে
- প্রকাশঃ ১০:৫৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / 157
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি বাসা থেকে গলাকাটা অবস্থায় রহিমা বেগম (৩৮) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। একই বাসা থেকে তাঁর স্বামী ইমরান হোসেনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকালে দম্পতির ১৬ বছর বয়সী মেয়েকে পুলিশ হেফাজতে নিয়েছে।
গতকাল শুক্রবার রাতের কোনো একসময় মহানগরীর কোনাবাড়ী নওয়াব আলী মার্কেট এলাকার একটি পাঁচতলা ভবনের ফ্ল্যাটে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রহিমা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিনোয়াটি গ্রামের শাজাহান সরকারের মেয়ে। তাঁর স্বামী ইমরান হোসেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল গ্রামের বাসিন্দা। দম্পতি নওয়াব আলী মার্কেট এলাকার ওই বাসায় প্রায় তিন বছর ধরে মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন। ইমরান স্থানীয়ভাবে মাংস বিক্রির কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, আজ ভোরে খবর পেয়ে কোনাবাড়ী থানা–পুলিশ ঘটনাস্থলে যায়। সুরতহাল করার সময় পুলিশ ইমরানকে অর্ধগলাকাটা অবস্থায় হাত–পা নড়াতে দেখে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় স্ত্রী রহিমার লাশ ফ্লোরে পড়ে ছিল।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, দম্পতির ১৬ বছর বয়সী মেয়ে জানায়—তার বাবা প্রথমে মাকে হত্যা করেন এবং পরে নিজেই নিজের গলা কাটেন। সে দাবি করেছে, ঘটনাটি সে নিজ চোখে দেখেছে। তবে মেয়ের এই বক্তব্য সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি আরও জানান, নিহত রহিমার লাশ শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত ইমরান একই হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
























