ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ববিয়ানদের প্রত্যাশা
- প্রকাশঃ ০৩:৩৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / 88
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোটের প্রত্যাশা ব্যক্ত করেছেন। দীর্ঘদিনের বিতর্কিত নির্বাচনী বাস্তবতার পর নির্দলীয় সরকারের অধীনে অনুষ্ঠেয় এই নির্বাচনকে তারা নতুন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন।
দেশজুড়ে নির্বাচনী আলোচনা যখন তুঙ্গে, তখন দক্ষিণাঞ্চলের উচ্চশিক্ষার অন্যতম প্রতিষ্ঠান বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের মতামত তুলে ধরেছেন। তারা মনে করেন, চব্বিশ-পরবর্তী বাংলাদেশে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে হলে নির্বাচন ব্যবস্থায় সর্বোচ্চ স্বচ্ছতা, নিরপেক্ষ প্রশাসন ও পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুহম্মদ শাহিন বলেন, এই নির্বাচনকে আমি একটি আদর্শ নির্বাচন হিসেবে দেখতে চাই, যেখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা এবং নির্বাচন প্রকৌশল, কেন্দ্র দখল ও ভয়ভীতি প্রদর্শনের অবসান নিশ্চিত হবে।
ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের মো. বিপ্লব বলেন, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে পূর্ণ সক্ষমতা নিয়ে মাঠে থাকতে হবে। প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ও পর্যবেক্ষক নিশ্চিত না হলে জনগণের আস্থা ফিরবে না।
একই বিভাগের ফারজানা আক্তার বলেন, ভোটের মাধ্যমে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হোক—এটাই আমার প্রত্যাশা। ফলাফল হতে হবে বিশ্বাসযোগ্য এবং প্রতিনিধিরা হবেন সৎ ও জনবান্ধব।
লোকপ্রশাসন বিভাগের সাব্বির আহম্মেদ জিসান বলেন, আমরা তথাকথিত নয়, প্রকৃত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই, যেখানে আমার ভোটের প্রকৃত মূল্যায়ন হবে।
আইন বিভাগের কাজী গালিব বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ এবং নির্বাচন পরবর্তী স্থিতিশীলতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফখরুদ্দীন তারেক বলেন, এই নির্বাচন একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠনের সুযোগ।
রসায়ন বিভাগের নাকিবা আনোয়ারী রিয়া বলেন, নির্বাচন কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি গণতন্ত্রের প্রাণ।
ফিলোসফি বিভাগের ইফতেখার সায়েম বলেন, ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগই একটি গ্রহণযোগ্য নির্বাচনের শর্ত।
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের নাদিম আলমাস বলেন, যখন ভোটের মর্যাদা নিশ্চিত হবে, তখনই গণতন্ত্রের ভিত শক্ত হবে।
শিক্ষার্থীদের অভিন্ন প্রত্যাশা—এই নির্বাচন যেন একটি সত্যিকারের অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হিসেবে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় নতুন দৃষ্টান্ত স্থাপন করে।























