ইরানে যুদ্ধের দুই সপ্তাহে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ
- প্রকাশঃ ১০:০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / 20
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর গত দুই সপ্তাহে দেশটিতে প্রায় ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
বৃহস্পতিবার (১২ মার্চ) এক বিবৃতিতে ইউএনএইচসিআর জানায়, সারা দেশে বাস্তুচ্যুত পরিবারের ওপর পরিচালিত প্রাথমিক জরিপের ভিত্তিতে এই হিসাব করা হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, যুদ্ধ অব্যাহত থাকায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে দেশটিতে মানবিক সংকট আরও তীব্র আকার ধারণ করতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংঘাতের কারণে সাধারণ মানুষ দলে দলে শহর ছেড়ে অপেক্ষাকৃত নিরাপদ গ্রামাঞ্চলের দিকে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য, বিশুদ্ধ পানীয় জল এবং নিরাপদ আশ্রয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো।
এদিকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৩০০ মানুষ নিহত হয়েছে।
যুদ্ধের প্রথম দিনেই দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ১৭৫ জন স্কুলছাত্রী ও একজন কর্মী নিহত হন, যা দেশজুড়ে গভীর উদ্বেগ ও শোকের সৃষ্টি করেছে।
সূত্র: আল-জাজিরা, রয়টার্স













