হরমুজ প্রণালিতে ‘নতুন অধ্যায়’ শুরু, যুক্তরাষ্ট্রের ব্যর্থতার কথা বললেন খামেনি
- প্রকাশঃ ০৯:৪৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / 2
পারস্য উপসাগরের প্রবেশমুখে হরমুজ প্রণালির কৌশলগত অবস্থান | ছবি: এক্স হ্যান্ডেল থেকে নেওয়া
যুক্তরাষ্ট্রের পরিকল্পনার ‘লজ্জাজনক ব্যর্থতা’র পর পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি ঘিরে নতুন পরিস্থিতির সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে খামেনি বলেন, বিশ্বজুড়ে প্রচারণা ও আগ্রাসনের প্রেক্ষাপটে দুই মাসের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং এর ফলে পারস্য উপসাগর অঞ্চলে নতুন বাস্তবতা তৈরি হয়েছে।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ইআরএনএ জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে বিবৃতিটি প্রকাশ করে। দিবসটি উদযাপন করা হয় ১৬২২ সালে পর্তুগিজ বাহিনীকে হরমুজ প্রণালি থেকে উৎখাত করার স্মরণে।
বিবৃতিতে খামেনি আঞ্চলিক পরিস্থিতিতে ইরানের অবস্থানকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং সাম্প্রতিক ঘটনাবলিকে একটি নতুন পর্যায়ের সূচনা হিসেবে তুলে ধরেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এ বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং পারস্য উপসাগর আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ একটি পথ হিসেবে বিবেচিত।


















