গাজার বোর্ড অব পিসে পুতিনকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প
- প্রকাশঃ ০৩:৪৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / 21
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার যুদ্ধপরবর্তী শাসন ও পুনর্গঠনের তদারকিতে গঠিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি বোর্ডে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন। মঙ্গলবার নিজেই ট্রাম্প সাংবাদিকদের বলেন, “পুতিনকে বোর্ড অব পিসে আমন্ত্রণ জানানো হয়েছে।”
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার সাংবাদিকদের জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিনও এই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন।
২০২২ সালে ইউক্রেনে হামলার পর পশ্চিমা বিশ্বে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়া রাশিয়ার প্রতি এই আহ্বান নজরকাড়া কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বোর্ড অব পিসের চেয়ারম্যান থাকবেন ট্রাম্প। ইতোমধ্যেই বিভিন্ন দেশের সরকার প্রধানদের এই বোর্ডে সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি তো লাম আমন্ত্রণ গ্রহণ করেছেন।
ভারত, অস্ট্রেলিয়া, জর্ডান, গ্রিস, সাইপ্রাস, কানাডা, প্যারাগুয়ে, আর্জেন্টিনা ও আলবেনিয়া এই বোর্ডে আমন্ত্রণ পেয়েছে। তবে মোট কতটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে, তা এখনও প্রকাশিত হয়নি।
বোর্ড অব পিসের সদস্যপদের মেয়াদ তিন বছর। তবে কোনো দেশ যদি এক বিলিয়ন ডলার সহায়তা প্রদান করে, তাহলে সে দেশ স্থায়ী সদস্যপদ পাবে।






























