ভাষা শহিদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মেরিটাইম ইউনিভার্সিটির
- প্রকাশঃ ০৬:৪৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / 33
যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬’ পালন করেছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি।
কর্মসূচির শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডমিরাল ড. খন্দকার আক্তার হোসেন-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত সকলে মহান ভাষা আন্দোলনের শহিদদের সর্বোচ্চ আত্মত্যাগ কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
এ সময় বক্তারা মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা, ভাষা আন্দোলনের চেতনা ধারণ এবং জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সচেতন ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ভাষা শহিদদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় সংগীত পরিবেশন ও ভাষা শহিদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
















