জামায়াতের আমির শফিকুর রহমান। ফাইল ছবি
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের প্রস্তাব দিয়েছেন। মন্ত্রীর পদমর্যাদায় তাঁকে মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করার জন্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কাছে অনুরোধ জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানান, গত ২২ ফেব্রুয়ারি বিরোধীদলীয় নেতার দপ্তর থেকে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, অধ্যাপক মাহমুদুল হাসান বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ এবং কূটনৈতিক নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে তিনি বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন। এ অভিজ্ঞতাকে কাজে লাগাতে তাঁকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
বিরোধীদলীয় নেতার মতে, তাঁর উপদেষ্টার এ ধরনের পদায়নের মাধ্যমে জাতীয় সংসদের বিরোধী দলের পররাষ্ট্রনীতি সরকারের কাছে উপস্থাপন ও পর্যালোচনার সুযোগ তৈরি হবে। পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য রক্ষায়ও এটি সহায়ক হতে পারে।
তবে সাবেক একাধিক পররাষ্ট্রসচিব ও পেশাদার কূটনীতিকেরা বলছেন, বাংলাদেশের প্রশাসনিক কাঠামোয় বিরোধী দলের কাউকে সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের নজির নেই। তাঁদের মতে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানে কাজ করার ক্ষেত্রে সরকারের নীতি, জাতীয় স্বার্থ এবং কূটনৈতিক সমন্বয় গুরুত্বপূর্ণ বিষয়। এ ধরনের পদায়ন হলে প্রশাসনিক জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকতে পারে।
এ বিষয়ে সাবেক কূটনীতিক ও গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি এম হুমায়ূন কবীর বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সরকারের। পররাষ্ট্রনীতি নিয়ে বিরোধী দল মতামত দিতে পারে, তবে সরকারি কাঠামোর ভেতরে তাদের সরাসরি অন্তর্ভুক্ত করার নজির খুব কম।
এদিকে জামায়াতে ইসলামীর আমিরের একান্ত সচিব মো. নজরুল ইসলাম বলেন, চিঠির বিষয়ে অধ্যাপক মাহমুদুল হাসান দলীয় প্রধানকে অবহিত করেছিলেন। তবে মন্ত্রীর পদমর্যাদা সংক্রান্ত অংশে তাঁর সম্মতি ছিল না। পরে বিষয়টি নিয়ে আলোচনা করে অধ্যাপক মাহমুদুল হাসানকে বাদ দিয়ে ঢাকা–১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেমকে নতুন পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিষয়টি পররাষ্ট্র সচিবকে জানানো হয়েছে বলে তিনি জানান।























